কুষ্টিয়ায় টাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় টাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ১৮, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে নেশাজাতীয় মাদক টাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্প। এসময় তাদের কাছ থেকে ২১ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। গতকাল রোববার (১৭ মে) বিকেল ৩টা ২০ মিনিটের দিকে কুষ্টিয়া সদর উপজেলার জুগিয়া দর্গাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল কুষ্টিয়া সদর থানার জুগিয়া দর্গাপাড়াস্থ মিলন ড্রাইভারের বসতবাড়ির পেছনে আকমল মহরীর বাঁশ বাগান এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়।

অভিযানের সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে তল্লাশি করে তাদের হেফাজত থেকে ২১ পিস নেশাজাতীয় মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, কুষ্টিয়া সদর উপজেলার জুগিয়া দর্গাপাড়া ১৫ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা মো. রাকিবুল ইসলাম (৩২), পিতা সাইদুর রহমান এবং মো. আব্দুল আলিম (৪০), পিতা আলাউদ্দীন চাষী। র‌্যাবের দাবি, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদের অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করা হয়।

উদ্ধারকৃত টাপেন্টাডল ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে তারা সেখানে অবস্থান করছিলেন বলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কুষ্টিয়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাদের থানায় সোপর্দ করা হয়েছে। র‌্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে সাধারণ মানুষকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।