ভেড়ামারায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভেড়ামারায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ১৪, ২০২৬

ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় এক গৃহবধূ ধর্ষণের অভিযোগে নিশান (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত নিশান উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের হিড়িমদিয়া এলাকার বাসিন্দা। ভুক্তভোগী ওই নারী বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার (১১ মে) রাতে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী নারী তাঁর দুই বছরের শিশু সন্তানকে নিয়ে পার্শ্ববর্তী মিরপুর থানার পোড়াদহ এলাকা থেকে ভেড়ামারায় একটি স্থানীয় মাজারের মেলা দেখতে আসেন। সেখানে হিড়িমদিয়া এলাকার নিশানের সঙ্গে তাঁর পরিচয় হয়। অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় নিশান ওই নারীর দুই বছরের শিশুকে মাজারের পাশের একটি ফাঁকা জায়গায় রেখে ভিকটিমকে জোরপূর্বক নিজের বাড়িতে নিয়ে যান।

সেখানে তাঁকে ধর্ষণ করা হয় বলে ভুক্তভোগী দাবি করেছেন। এদিকে, দীর্ঘক্ষণ জনমানবহীন স্থানে শিশুর কান্না শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। কান্নার উৎস খুঁজতে গিয়ে বিষয়টি জানাজানি হয় এবং রাত আনুমানিক একটার দিকে স্থানীয়রা ভুক্তভোগী নারীকে উদ্ধার করেন। এই ঘটনায় গত মঙ্গলবার দুপুরে ভুক্তভোগীর বড় বোন বাদী হয়ে ভেড়ামারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত নিশানকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।