বিশেষ প্রতিনিধি ॥ আন্তর্জাতিক শ্রমিক দিবস বা ‘মহান মে দিবস’ উপলক্ষে কুষ্টিয়ায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) বিকেলে হাজী শরীয়তুল্লাহ এতিমখানা আব্দুল ওয়াহিদ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে এই সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে কুষ্টিয়া শহর জামায়াতের আমীর এনামুল হক-এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসিন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দার। প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসিন বর্তমান বিশ্ব ও দেশের শ্রমিকদের দুরবস্থার কথা তুলে ধরে বলেন, “আজকের এই দিনে শ্রমিকরা রাজপথে তাদের অধিকারের দাবি জানাচ্ছে, কারণ তারা বর্তমান ব্যবস্থায় শোষিত হচ্ছে।
দেশে যদি কুরআনের আইন চালু থাকতো এবং পূর্ণাঙ্গভাবে ইসলাম প্রতিষ্ঠিত থাকতো, তবে শ্রমিকদের তাদের ন্যায্য অধিকারের জন্য রাজপথে নামতে হতো না। ইসলামই সেই ধর্ম যা শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার মজুরি পরিশোধের নির্দেশ দিয়েছে। ইসলামী শাসনব্যবস্থা কায়েম থাকলে শ্রমিকরা আজ অভাব ও বঞ্চনামুক্ত থাকতো।” তিনি আরও বলেন, “শ্রমিকদের প্রকৃত মুক্তি ও মর্যাদা কেবল কুরআনের আদর্শ অনুসরণের মাধ্যমেই সম্ভব।
জামায়াতে ইসলামী একটি শোষণমুক্ত সমাজ গড়তে কাজ করে যাচ্ছে যেখানে মালিক ও শ্রমিকের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক বজায় থাকবে। এছাড়া বিশেষ অতিথির বক্তব্যে জেলা সেক্রেটারি সুজাউদ্দিন সরদার বলেন, মে দিবসের এই আয়োজন কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানোর একটি অঙ্গীকার। তিনি সকল পর্যায়ের নেতাকর্মীদের শ্রমজীবী মানুষের ন্যায্য পাওনা আদায়ে সোচ্চার থাকার আহ্বান জানান। সভায় জেলা ও শহর জামায়াতের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক শ্রমজীবী মানুষ উপস্থিত ছিলেন।
