শ্রমিকরা ঐক্যবদ্ধ থেকে তাদের ন্যায্য পাওনা বুঝে নিবে: অধ্যক্ষ সোহরাব উদ্দিন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

শ্রমিকরা ঐক্যবদ্ধ থেকে তাদের ন্যায্য পাওনা বুঝে নিবে: অধ্যক্ষ সোহরাব উদ্দিন 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ৩, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ দুনিয়ায় মজদুর এক হও শ্লোগানে, ১মে আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) সকালে কুষ্টিয়া জেলা শ্রমিকদলের আয়োজনে শিল্পকলা একাডেমি চত্বরে এ সমাবেশ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ, প্রধান বক্তা ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। এতে সভাপতিত্ব করেন, কুষ্টিয়া জেলা শ্রমিকদলের সভাপতি মোখলেছুর রহমান।

এসময় জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন,বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় শ্রমিকদের অবদান অপরিসীম। গ্রাম থেকে শহর, কৃষি থেকে শিল্প, সবখানেই শ্রমিকদের ঘাম ও পরিশ্রমে এগিয়ে যাচ্ছে আমাদের অর্থনীতি। কুষ্টিয়া জেলার উন্নয়নেও শ্রমজীবী মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই কুষ্টিয়া একটি শ্রমবান্ধব জেলা হিসেবে গড়ে উঠুক, যেখানে প্রতিটি শ্রমিক সম্মান, নিরাপত্তা ও ন্যায্য অধিকার নিয়ে কাজ করতে পারবে।

তিনি আরো বলেন,  বাংলাদেশে এতোদিন পার হয়ে গেলো, আমরা শ্রমিকদের সঠিক মুজুরি দেখতে পাচ্ছি না। কেউ তার অধিকার নিশ্চিতে বা বিরুদ্ধে কথা বললে তার চাকরি চলে যাবে। এটা যেনো না হয়। একজন তার অধিকার সম্পর্কে দাবি করতেই পারে। আমরা আশাকরি শ্রমিকভাইয়েরা ঐক্যবদ্ধ থেকে তাদের ন্যায্য পাওনা বুঝে নিবে। এছাড়া জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার বলেন, শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা, সেফটি নিশ্চিতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং তাদের উন্নত জীবন ব্যবস্থা নিশ্চিত করতে হবে।