বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া জেলা কারাগারে অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। কারাগারের ভেতরে বন্দি বাণিজ্য, ক্যান্টিন নিয়ন্ত্রণ, ওয়ার্ড বণ্টন এবং কারারক্ষীদের ডিউটি পোস্টিংয়ে অর্থ লেনদেনের মাধ্যমে একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে ওঠার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন পিআইইউ (চওট) সদস্য কারারক্ষী সেলিম মোল্লা (নং-১৩৪৭৪)।
একাধিক সূত্র জানায়, কুষ্টিয়া কারাগারের ভেতরের ক্যান্টিন পরিচালনা করেন নবীন ঘোষ এবং বাইরের ক্যান্টিন দেখভাল করেন মামুন। তবে এ দুই ক্যান্টিনের নেপথ্য নিয়ন্ত্রণ সেলিম মোল্লার হাতেই রয়েছে বলে অভিযোগ রয়েছে। বন্দিদের নিম্নমানের খাবার উচ্চমূল্যে কিনতে বাধ্য করা হয় বলেও অভিযোগ উঠেছে। এতে সাধারণ বন্দিদের মধ্যে ক্ষোভ বাড়ছে। সবচেয়ে বেশি অভিযোগ উঠেছে কারারক্ষীদের ডিউটি বণ্টন ও পোস্টিং নিয়ে।
সূত্রগুলো বলছে, আরামদায়ক ও লাভজনক দায়িত্বে পোস্টিং পেতে মোটা অঙ্কের টাকা লেনদেন হয়। সেলিম মোল্লার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কয়েকজন কারারক্ষী বিশেষ সুবিধা পেয়ে থাকেন বলেও অভিযোগ রয়েছে। ভালো ডিউটি দেওয়ার আশ্বাসে নিয়মিত মাসোহারা নেওয়ার অভিযোগও করেছেন কয়েকজন কর্মচারী। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কারারক্ষী জানান, তার বিরুদ্ধে কেউ কথা বললে বদলি, বিভাগীয় মামলা কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তার ভয় দেখানো হয়। ফলে অনেকেই মুখ খুলতে সাহস পান না।
কারাগারের ভেতরে বন্দিদের ওয়ার্ড বণ্টন নিয়েও নানা প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নিয়ম ভেঙে অর্থের বিনিময়ে প্রভাবশালী ও বিতর্কিত বন্দিদের বিশেষ ওয়ার্ডে রাখা হয়। কিছু বন্দিকে অতিরিক্ত সুবিধা দেওয়ার বিনিময়ে বড় অঙ্কের অর্থ নেওয়া হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। সেলিম মোল্লার বিরুদ্ধে সরকারি সুযোগ-সুবিধা অপব্যবহারের অভিযোগও রয়েছে। সরকারি বাসায় দীর্ঘদিন অবস্থান করলেও নিয়মিত ভাড়া পরিশোধ করা হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র দাবি করেছে।
এতে সরকারের রাজস্ব ক্ষতির আশঙ্কার কথাও বলা হচ্ছে। স্থানীয় সচেতন মহল বলছে, একটি জেলা কারাগারে একজন সাধারণ কারারক্ষীর বিরুদ্ধে এত গুরুতর অভিযোগ ওঠার পরও তদন্ত না হওয়া উদ্বেগজনক। তারা দ্রুত নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এ বিষয়ে সেলিম মোল্লার বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
কুষ্টিয়া জেলা কারাগারের জেল সুপার কিংবা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের আনুষ্ঠানিক বক্তব্যও পাওয়া যায়নি। তবে কারাগার সংশ্লিষ্ট মহলের মতে, অভিযোগগুলো সঠিকভাবে তদন্ত করা হলে কুষ্টিয়া জেলা কারাগারের অনিয়মের অনেক চিত্র সামনে আসতে পারে। কুষ্টিয়া জেলা কারাগারের নানা অনিয়ম দুর্নীতির অনুসন্ধানী প্রতিবেদন পড়তে চোখ রাখুন।
