দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নে পবিত্র কোরআন অবমাননার অভিযোগে দরবার প্রধান আব্দুর রহমান শামিম (৬৫) ওরফে কালান্দার শামিম জাহাঙ্গীর কে হত্যার ঘটনায় মামলার তিন নং এজাহার নামীয় আসামি রাজিব মিস্ত্রিকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি যৌথ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন র্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া ও র্যাব-০৫ সদর কোম্পানী।
মামলা তদন্তকারী কর্মকর্তার অধিযাচনের প্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত ১১ টার সময় রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন থানা রোড নাসিম হেয়ার ড্রেসার এর সামনে হতে র্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া ও র্যাব-০৫ সদর কোম্পানীর একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রাজিব মিস্ত্রি কে গ্রেফতার করতে সক্ষম হয়। আটককৃত রাজীব মিস্ত্রি (৩২) উপজেলার পশ্চিম দক্ষিণ ফিলিপনগর এলাকার গাজী মিস্ত্রীর ছেলে।
উল্লেখ্য, পবিত্র কোরআন অবমাননার অভিযোগে গত মাসের (১১ এপ্রিল) শনিবার দুপুরে দরবার প্রধান শামিমজাহাঙ্গীর কে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে বিক্ষুব্ধ জনতা। এসময় দরবার শরিফে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ ও মূল্যবান সামগ্রী লুটপাট করা হয়। নিহত শামিমজাহাঙ্গীর ঐ দরবার শরিফের প্রধান এবং এলাকায় কালান্দার বাবা শামিম জাহাঙ্গীর হিসেবেও পরিচিত ছিলেন। দরবার শরিফে হামলায় তার ৩ অনুসারী-মহন আলী, জামিরুন নেছা ও জুবায়ের আহত হন।
পরে গত মাসের (১৩ এপ্রিল) সোমবার রাতে দৌলতপুর থানায় নিহত শামিমজাহাঙ্গীর এর বড় ভাই ফজলুর রহমান বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ সহ ১৮০ থেকে ২০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন এবং এ মামলায় এই প্রথম এজাহার নামিও আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে প্রশাসন।
