কুষ্টিয়ায় সরকারি গাছ কাটার অভিযোগ, অভিযুক্ত প্রভাবশালী চক্র - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় সরকারি গাছ কাটার অভিযোগ, অভিযুক্ত প্রভাবশালী চক্র 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ২৭, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়নে সরকারি রাস্তার গাছ কেটে সাবাড় করার গুরুতর অভিযোগ উঠেছে। ইউনিয়নের আমানতপুর গ্রামের ইটভাটাপাড়া এলাকায় গ্রামীণ সড়কের পাশ থেকে প্রকাশ্য দিবালোকে মূল্যবান গাছ কেটে নেওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের বাধার মুখে একটি গাছ ফেলে রেখে গেলেও অন্যটি আত্মসাৎ করার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী পরিবারের বিরুদ্ধে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রবিবার (২৬ এপ্রিল) সকালে পশু হাট মসজিদপাড়া এলাকার বাসিন্দা হাজ্বি হেকমত আলী আমানতপুর এলাকার সড়কের পাশে সরকারি জায়গা থেকে গাছ কাটা শুরু করেন। কোনো প্রকার প্রশাসনিক অনুমতি বা নিলাম ছাড়াই তিনি একটি বিশাল আকৃতির রেন্টি কড়ই এবং একটি নিম গাছ কেটে তিন খণ্ড করেন। স্থানীয়রা জানান, গাছ কাটার খবর ছড়িয়ে পড়লে গ্রামবাসী একত্রিত হয়ে বাধা প্রদান করেন।

এ সময় উত্তেজিত জনতার তোপের মুখে হাজ্বি হেকমত আলী কড়ই গাছটি ফেলে রেখে গেলেও নিম গাছটি দ্রুত সরিয়ে নিয়ে যান। কেটে ফেলা এই গাছ দুটির বর্তমান বাজারমূল্য প্রায় ২০ থেকে ৩০ হাজার টাকা বলে ধারণা করা হচ্ছে। ঘটনার বিষয়ে জানতে চাইলে হাজ্বি হেকমত আলীর ছেলে আতিক আলী গাছ কাটার সত্যতা স্বীকার করেন। তবে তিনি আত্মপক্ষ সমর্থন করে বলেন, আমাদের জমির সামনে গাছগুলো থাকায় আম গাছের ক্ষতি হচ্ছিল, তাই কেটেছি।

নিম গাছটি সরকারি নয় বরং আমাদের সীমানার ভেতর। আর কড়ই গাছটি রাস্তার পাশে হলেও সেটিও আমাদের জমির ভেতরেই ছিল। সরকারি গাছ কাটার জন্য বন বিভাগ বা স্থানীয় প্রশাসনের অনুমতি প্রয়োজন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ১০-১৫ বছর ধরে জমিটি আমাদের দখলে। তবে গাছ কাটতে যে অনুমতি নিতে হয়, তা আমার জানা ছিল না। আমরা গাছগুলো বিক্রির জন্য নয়, খড়ি (জ্বালানি) হিসেবে ব্যবহারের জন্য কেটেছি।

সড়কের ধারে বনজ সম্পদ এভাবে উজাড় করায় ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন মহল। তাদের মতে, ব্যক্তিমালিকানাধীন জমির সামনে হলেও সরকারি সড়কের গাছ কাটার সুনির্দিষ্ট আইনি প্রক্রিয়া রয়েছে। আইনের তোয়াক্কা না করে গাছ কেটে ফেলায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানিয়েছেন এলাকাবাসী।