কুষ্টিয়ায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ওপর হামলা, থানায় মামলা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ওপর হামলা, থানায় মামলা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ২৭, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ও মহানগর ছাত্রদল নেতার ওপর সন্ত্রাসী হামলা, মারধর এবং টাকা ছিনতাইয়ের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় ৬ জনের নাম উল্লেখসহ আরও ৫ থেকে ৭ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। মামলাটি মিরপুর থানায় রুজু হয়েছে। মামলা নম্বর-২৬, তারিখ ২৬ এপ্রিল ২০২৬।

মামলার বাদী মোঃ তৌফিক এলাহী শুভ (২৬)। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও খুলনা মহানগর ছাত্রদলের নেতা এবং একজন প্রথম শ্রেণীর ঠিকাদার বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। তিনি মিরপুর উপজেলার আজমপুর পুরাতন পাড়া এলাকার বাসিন্দা।

এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ এপ্রিল সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে তৌফিক এলাহী শুভ মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের আমলা সরকারি কলেজের বিপরীতে একটি দোকানের সামনে থেকে মোটরসাইকেলে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

এ সময় পূর্বপরিকল্পিতভাবে একদল ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার পথরোধ করে। মামলায় অভিযোগ করা হয়েছে, প্রধান আসামি মোঃ বাবুল ওরফে কাইল্লা বাবুল ঘটনাস্থলেই তাকে হত্যার নির্দেশ দেন। এরপর অন্য আসামিরা লোহার রড, কাঠের বাটাম ও বাঁশের লাঠি দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। বাদীর অভিযোগ, হামলার একপর্যায়ে তিনি মাটিতে পড়ে গেলে কয়েকজন আসামি তার হাত-পা চেপে ধরে রাখে।

পরে প্রধান আসামি তার প্যান্টের পকেট থেকে নগদ ২৭ হাজার টাকা বের করে অন্য এক আসামির হাতে তুলে দেন। চিৎকার শুনে স্থানীয় কয়েকজন ব্যক্তি এগিয়ে এলে অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। যাওয়ার সময় ভবিষ্যতে তাকে হত্যা করে লাশ গুম করার হুমকিও দেওয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

পরে স্থানীয়দের সহায়তায় আহত তৌফিক এলাহী শুভকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তিনি প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। পরবর্তীতে পরিবারের সদস্য ও স্বজনদের সঙ্গে পরামর্শ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। মামলায় যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন— মোঃ বাবুল ওরফে কাইল্লা বাবুল, আফিব আলী, মোঃ মাহিম, মোঃ তোফাজ্জেল হোসেন, মোঃ শুভ ও মোঃ টুটুল মৃধা।

তাদের সবার বাড়ি মিরপুর উপজেলার চৌধুরীপাড়া এলাকায় বলে এজাহারে উল্লেখ রয়েছে। এ বিষয়ে আসামিদের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। মিরপুর থানার সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মামলা রুজু করা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।