কুষ্টিয়ায় বিএডিসি পাট বীজ অফিসে অনিয়মের অভিযোগ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় বিএডিসি পাট বীজ অফিসে অনিয়মের অভিযোগ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ২৩, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) পাট বীজ উৎপাদন জোন অফিসে দায়িত্বে অবহেলা, অনিয়ম এবং অফিস ফাঁকির অভিযোগ উঠেছে কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে। সরেজমিনে পরিদর্শনে অফিস সময়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুপস্থিতি এবং কর্মচারীদের দেরিতে উপস্থিতির চিত্র উঠে এসেছে। গত সোমবার সকাল ৯টার পর অফিসে গিয়ে দেখা যায়, সহকারী পরিচালক ও উপ-পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের কেউই উপস্থিত নেই।

কয়েকজন কর্মচারীও নির্ধারিত সময়ের পরে অফিসে আসেন। পুরো ঘটনাটি প্রতিবেদকের ক্যামেরায় ধারণ করা হয়েছে। অফিসে দায়িত্বরত দিন হাজিরা ও প্রহরী মোহাম্মদ ফিরোজ জানান, সহকারী পরিচালক রেজওয়ানুল ইসলাম ফিল্ডে আছেন। তিনি বলেন, স্যার রাজশাহী থেকে সরাসরি ফিল্ডে গেছেন। কীভাবে এ তথ্য জানেন জানতে চাইলে তিনি বলেন,ফোনে কথা হয়েছে।তবে ফিল্ডের ঠিকানা দিতে ব্যর্থ হন তিনি। তার বক্তব্যে অসঙ্গতি লক্ষ করা যায়।

উপ-পরিচালক মনিরা খাতুন সম্পর্কে তিনি বলেন, তিনি একাধিক স্থানে অতিরিক্ত দায়িত্ব পালন করায় এখানে নিয়মিত থাকেন না এবং প্রয়োজন হলেই অফিসে আসেন। অন্য এক কর্মচারী শামীম রেজা দাবি করেন, সহকারী পরিচালক নিয়মিত অফিস করেন এবং অনেক সময় সকাল ৯টার আগেই উপস্থিত হন। তবে সংশ্লিষ্ট দিন তাকে অফিসে না পাওয়ার বিষয়ে তিনি স্পষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেননি।

সরেজমিনে দেখা যায়, সহকারী হিসাবরক্ষক মো. মুরাদাদুজ্জামান সকাল ৯টা ২৪ মিনিটে অফিসে প্রবেশ করেন। দেরিতে আসার কারণ জানতে চাইলে তিনি প্রথমে সময়মতো আসার দাবি করলেও পরে অসুস্থতার কথা উল্লেখ করেন। তিনি বলেন, আমার ডায়রিয়া ছিল, এজন্য দেরি হয়েছে। হাজিরা খাতা পর্যালোচনায় দেখা যায়, সেখানে নিয়মিত স্বাক্ষর করছেন কেবল দুইজন কর্মচারী  ঊর্ধ্বতন কর্মকর্তাদের স্বাক্ষর পাওয়া যায়নি।

এ নিয়ে প্রশ্ন উঠেছে-তারা নিয়মিত অফিস করেন কিনা। উপ-পরিচালকের কক্ষ তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরিচালকের কক্ষ খোলা থাকলেও সেখানে কাউকে দেখা যায়নি। অফিসের সামগ্রিক পরিস্থিতি দেখে মনে হয়েছে, অনিয়ম আড়াল করার একটি প্রচেষ্টা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সরকারি বিধি অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কর্মকর্তা-কর্মচারীদের অফিসে উপস্থিত থাকা বাধ্যতামূলক। কিন্তু বাস্তবে অনেক ক্ষেত্রেই এ নিয়ম মানা হচ্ছে না।

এ বিষয়ে সহকারী পরিচালক (বিএডিসি পাট বীজ) মো. রেজওয়ানুল ইসলামের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। এ বিষয়ে স্থানীয়দের অভিযোগ, সরকারি গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরেই শৃঙ্খলার অভাব রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি তাদের।