কুমারখালীতে শুরু হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে শুরু হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ১৩, ২০২৬

মোশারফ হোসেন ॥ ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে তরুণ প্রজন্মের মধ্যে প্রযুক্তির দক্ষতা বাড়াতে কুষ্টিয়ার কুমারখালীতে শুরু হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। মেলায় বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের পক্ষে ১২টি  স্টল দেওয়া হয়েছে। গতকাল রবিবার (১২ এপ্রিল) উপজেলার আবুল হোসেন তরুন অডিটোরিয়ামে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা, ফারজানা আক্তার। এর আগে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সরওয়ার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হক, কৃষি কর্মকর্তা রাইসুল হক,উপজেলা নির্বাচন অফিসার শিরিনা আক্তার বানু প্রমুখ।

উদ্বোধন শেষে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাভিদ সরওয়ার মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের কাছ থেকে তাদের উদ্ভাবনী কার্যক্রম সম্পর্কে  ধারণা নেন। এসময় শিক্ষার্থীরা নিজেদের প্রজেক্ট উপস্থাপন করেন। উপজেলা প্রশাসন কুমারখালী ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এই উদ্যোগ নেয় সরকার। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে তোলা, উদ্ভাবনী চিন্তাধারা বিকাশ এবং বিজ্ঞানভিত্তিক জ্ঞানচর্চা বৃদ্ধি পাবে, যা ভবিষ্যতে একটি জ্ঞানভিত্তিক ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।