কুষ্টিয়ার গর্ব মাহিন: এশিয়ার সেরা গোলকিপারের বীরোচিত সংবর্ধনা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ার গর্ব মাহিন: এশিয়ার সেরা গোলকিপারের বীরোচিত সংবর্ধনা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ১২, ২০২৬

ভেড়ামারা প্রতিনিধি ॥ সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে এশিয়ার সেরা গোলরক্ষক নির্বাচিত হয়ে জন্মভূমি কুষ্টিয়ার ভেড়ামারায় রাজকীয় সংবর্ধনায় সিক্ত হলেন ইসমাইল হোসেন মাহিন। নিজ এলাকার কৃতি সন্তানের এই বিশ্বজয়ী সাফল্যে পুরো ভেড়ামারা জুড়ে এখন আনন্দের জোয়ার বইছে। গতকাল শনিবার (১১ এপ্রিল) সকালে ঢাকা থেকে মাহিন এলাকায় পৌঁছালে তাকে এক বীরোচিত সংবর্ধনা প্রদান করা হয়। তাকে বরণ করে নিতে ভিড় জমায় হাজারো ক্রীড়াপ্রেমী ও সাধারণ জনতা।

মাহিনকে একটি সুসজ্জিত খোলা জীপে বসিয়ে পুরো শহর প্রদক্ষিণ করানো হয়। এ সময় রাস্তার দুপাশ থেকে সাধারণ মানুষ হাত নেড়ে তাদের প্রিয় ফুটবলারকে অভিনন্দন জানান। গাড়ির পেছনে মোটরসাইকেলের বহর ও বাদ্যযন্ত্রের তালে পুরো এলাকা এক উৎসবের নগরীতে পরিণত হয়। গত ৩ এপ্রিল মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে বাংলাদেশের জয়ে অতন্দ্র প্রহরীর মতো গোলবার সামলান মাহিন।

টাইব্রেকারে ভারতের প্রথম শটটি অসামান্য দক্ষতায় রুখে দিয়ে বাংলাদেশের ৪-৩ গোলের জয় নিশ্চিত করেন তিনি। পুরো টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ তার হাতে ওঠে ‘গোল্ডেন গ্লাভস’ বা টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের পুরস্কার। সংবর্ধনা অনুষ্ঠানে আপ্লুত ইসমাইল হোসেন মাহিন বলেন, “এই অর্জন শুধু আমার নয়, পুরো দেশের এবং আমার ভেড়ামারাবাসীর। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি আজ এই অবস্থানে।

আমার স্বপ্ন এখন জাতীয় দলের হয়ে বাংলাদেশের লাল-সবুজ পতাকাকে আরও উঁচুতে নিয়ে যাওয়া এবং দেশকে বিশ্বকাপে দেখার।” বর্তমানে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলা এই তরুণ তুর্কি ইতিমধ্যেই দেশের ফুটবলে নতুন আশার আলো হয়ে দেখা দিয়েছেন। এলাকাবাসীর মতে, মাহিনের এই সাফল্য কুষ্টিয়ার তরুণ প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে এবং দেশের ফুটবলকে বিশ্বমঞ্চে অনন্য উচ্চতায় নিয়ে যাবে। এসময় উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল হাই আল হাদী  বাহিরচর ইউনিয়ন পরিষদের সদস্য আশরাফুল ইসলাম কচি মেম্বার, সহ আরও অনেকে।