শিক্ষা প্রতিষ্ঠান হোক জ্ঞানচর্চার মুক্ত কেন্দ্র: প্রকৌশলী জাকির সরকার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

শিক্ষা প্রতিষ্ঠান হোক জ্ঞানচর্চার মুক্ত কেন্দ্র: প্রকৌশলী জাকির সরকার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ১০, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্মকর্তা সমিতির নির্বাচিত নবাগত কমিটিকে সংবর্ধনা প্রদান করেছে কুষ্টিয়া জেলা বিএনপি। গতকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত ১০টার দিকে কুষ্টিয়া জেলা বিএনপি কার্যালয়ে আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়। ইবি কর্মকর্তা সমিতির নবাগত সভাপতি আব্দুল মঈদ বাবুল ও সাধারণ সম্পাদক তোজাম্মেল হক তোজামসহ অন্যান্য নির্বাচিত সদস্যদের উপস্থিতিতে এই সংবর্ধনা প্রদান করা হয়।

কুষ্টিয়া জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহফুজুর রহমান মিথুন এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ। প্রধান বক্তা ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইবি কর্মকর্তা সমিতি নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক খোন্দকার আব্দুল মজিদ। এতে সার্বিক সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ। অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি ছিলেন, ইবি কর্মকর্তা সমিতি নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব কবির হোসেন, কুষ্টিয়া জেলা যুবদলের সাবেক সভাপতি আল আমীন রানা কানাই প্রমূখ।

সংবর্দনা অনুষ্ঠানে নির্বাচিত সদস্যর মধ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুর রাজ্জাক, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, নির্বাহী সদস্য শহিদুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ইবি কর্মকর্তা সমিতির নবাগত সভাপতি আব্দুল মঈদ বাবুল। পরে জেলা বিএনপির নেতৃবৃন্দের বক্তব্যে শেষে জেলা বিএনপির পক্ষে ফুলেল শুভেচ্ছা ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এছাড়া জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহফুজুর রহমান মিথুনের নেতৃত্বে সাবেক নেতাকর্মী শুভেচ্ছা জানান। রবীন্দ্রমৈত্রী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাতুল ইসলামের নেতৃত্বে সহ-সভাপতি ইয়াফিক শামীমসহ অন্যান্যরা ফুলেল শুভেচ্ছা জানান। এসময় জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, আজকের এই আনন্দঘন মুহূর্তে ইসলামী বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির নবাগত কমিটিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

একই সঙ্গে কুষ্টিয়া জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদের প্রতি জানাই উষ্ণ সংবর্ধনা। তিনি আরো বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের প্রাণ হলো তার শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তারা। কর্মকর্তাদের দক্ষতা, সততা ও নিষ্ঠা ছাড়া একটি বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম কখনোই গতিশীল হতে পারে না। আমি বিশ্বাস করি, নবগঠিত এই কমিটি দায়িত্বশীলতার সঙ্গে তাদের কর্তব্য পালন করবে এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এছাড়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, আমরা সবসময়ই চাই, দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান হোক জ্ঞানচর্চার মুক্ত কেন্দ্র এবং ন্যায় ও নীতির ভিত্তিতে পরিচালিত হোক। আপনারা সেই লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অংশীদার। আপনাদের কাজের মাধ্যমে শিক্ষার্থীরা একটি সুন্দর, সুশৃঙ্খল ও সহায়ক পরিবেশ পাবে, এটাই আমাদের প্রত্যাশা। তিনি আরো বলেন, নবনির্বাচিত নেতৃবৃন্দের প্রতি আমার আহ্বান থাকবে, আপনারা দল-মত নির্বিশেষে সকল কর্মকর্তাকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে প্রতিষ্ঠানের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন।

প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, এই বিজয় যেটা হয়েছে এর মাধ্যমে শুধুমাত্র কর্মকর্তাগনের মধ্যে সীমাবদ্ধ থাকবে তা নয়। আমাদের বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংগঠন আছে তারা যাতে শক্তিশালী হতে পারে মাধ্যমে। দুইটা জেলা কুষ্টিয়া ও ঝিনাইদহে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শক্তিশালী হতে পারে সেদিকে নজর রাখবেন। আপনাদের পাশে থেকে যতটুকু সহযোগিতা করার দরকার সেটা আমরা করবো ইনশাআল্লাহ।

তিনি বলেন, আমরা আশাকরি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুশৃঙ্খল করতে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি আশা প্রকাশ করেন, কর্মকর্তা সমিতি শিক্ষা ও প্রশাসনের উন্নয়নে ইতিবাচক অবদান রাখবে। এদিকে নবনির্বাচিত কমিটির সভাপতি বাবুল ও সাধারণ সম্পাদক তোজাম তাদের বক্তব্যে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দায়িত্ব পালনে নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।