কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ছয় দিনেও সন্ধ্যান মেলেনি নিখোঁজ ভ্যান চালকের

খোকসা প্রতিনিধি ॥ ‘পুলিশ আমার বাবাকে খুঁজে দিলো না। অনেক দিন হলো রাতে বাবা আর বাড়ি ফেরে না। দয়া করে আপনারা আমার বাবাকে খুঁজে দেন না।’ কাতর কণ্ঠে বলছিলো ৮ বছর বয়সী মাহিম। তার বাবা ভ্যানচালক আব্দুল আজিম (৩৫) নিখোঁজ হয়েছে শনিবার সন্ধ্যায়। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত তাঁর সন্ধান না পেয়ে স্বজন ও এলাকাবাসীর আয়োজিত মানববন্ধনে বাবার জন্য কাঁপাকাঁপা কণ্ঠে আকুতি জানাচ্ছিলো মাহিম।

স্বজনের দেওয়া তথ্যানুযায়ী, গত শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় খোকসা বাসস্ট্যান্ড এলাকায় নিজের পাখি ভ্যান মেরামতে দিয়ে রহস্যজনক ভাবে নিখোঁজ হন আব্দুল আজিম। শিমুলিয়া ইউনিয়নের বিলজানি তাঁতী পাড়ার মৃত আব্দুল কাদেরের ছেলে আজিম দুই সন্তানের বাবা। পরিবারের ভাষ্য, চার শতক জমি নিয়ে প্রতিপক্ষ আব্দুল মান্নানের সঙ্গে আজিমের বিরোধ চলছিলো। নিখোঁজ হওয়ার কয়েকদিন আগে স্থানীয় রাজনৈতিক নেতাদের মধ্যস্থতায় ইউনিয়ন পরিষদে শালিস বসে।

সেখানে আজিমকে দখল করা জমি থেকে ঘর ভেঙে নেওয়ার রায় দেওয়া হয়। এর পরই রহস্যজনকভাবে নিখোঁজ হন তিনি। এ ঘটনায় খোকসা থানায় একটি জিডি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কুষ্টিয়ার খোকসা বাসস্ট্যান্ডে আয়োজিত মানববন্ধনে কয়েকশ মানুষ অংশ নেন। পরে তারা বিক্ষোভ মিছিলসহ থানা ও উপজেলা পরিষদে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে দেখা করার চেষ্টা করেন। কর্মকর্তারা না থাকায় বিক্ষোভকারীরা ফিরে যান।

মানববন্ধনে দেওয়া বক্তব্যে মাহিম বাবাকে ফিরে পাওয়ার আকুতি জানায়। বাবাকে হত্যা করা হয়েছে এমন আশঙ্কা প্রকাশ করে মাহিম জানায়, তারা অনেকবার পুলিশের কাছে গেছে। কিন্তু পুলিশ তার বাবাকে খুঁজে দেয়নি। তাই তাঁকে খুঁজে দিতে উপস্থিত মানুষের কাছে আকুতি জানায়। আজিমের বোন মাজেদা খাতুন বলেন, প্রতিবেশীর সঙ্গ জমি নিয়ে বিরোধের জের ধরে তাঁর ভাইকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। বিএনপির এক নেতার কারণে তারা পুলিশের কাছে গিয়ে বিচার পাচ্ছেন না।

তিনি ভাইকে জীবিত অথবা মৃত উদ্ধারের দাবি করেন। আজিমের ভগ্নিপতি ইকরামূল হক দাবি করেন, তাঁর শ্যালক নিখোঁজ হওয়ার চার দিন পার হলেও পুলিশ মামলা নেয়নি। জিডিতে যাদের সন্দেহভাজন বিবাদী করা হয়েছে, তারা বাড়ি ফিরে এসেছে। এর পেছনে একজন রাজনৈতিক নেতা কলকাঠি নাড়ছেন বলেও অভিযোগ করেন তিনি।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর