কুমারখালী প্রতিনিধি ॥ ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ মৌসুমে গ্রীষ্মকালীন মুগ, তিল, পাট ও উফশী আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কুমারখালীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুমারখালী, কুষ্টিয়া।
কর্মসূচির আওতায় প্রায় ৯০০০ জন কৃষকের মাঝে বিভিন্ন ফসলের বীজ ও সার বিতরণ করা হয়। এর মধ্যে পাট বীজ পেয়েছেন ৬০০ জন, মুগ বীজ ৪০ জন, তিল বীজ ১২৭০ জন এবং উফশী আউশ ধানের বীজ পেয়েছেন ৭১৩০ জন কৃষক। এই কর্মসূচি কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আর্থিক সুরক্ষা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।
বিনামূল্যে উন্নত মানের বীজ ও সার সরবরাহের ফলে কৃষকরা সহজেই খরিপ মৌসুমে আবাদ সম্প্রসারণে উৎসাহিত হবেন এবং ফসলের উৎপাদনও বাড়বে। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের সরকারি প্রণোদনা কর্মসূচি গ্রামীণ অর্থনীতিকে চাঙা করার পাশাপাশি কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে আগ্রহী করে তোলে, যা দেশের সামগ্রিক কৃষি উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার। বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারোয়ার, উপজেলা কৃষি কর্মকর্তা রাইসুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কাওছার আলী প্রমুখ।
