ইবি কেন্দ্রে সুষ্ঠু পরিবেশে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ইবি কেন্দ্রে সুষ্ঠু পরিবেশে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ৪, ২০২৬

ইবি প্রতিনিধি ॥ গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে ‘বি’ ইউনিট (মানবিক)-এর ভর্তি পরীক্ষা ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার (৩ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় সারাদেশে একযোগে এ পরীক্ষা নেওয়া হয়।

এবার গুচ্ছভুক্ত ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ‘বি’ ইউনিটে আবেদন করেন মোট ৯৩ হাজার ১৫৮ জন শিক্ষার্থী। পরীক্ষা চলাকালে উপাচার্য প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বিশ্ববিদ্যালয়ের মেইন গেট এলাকা, হেল্পডেস্ক এবং বিভিন্ন ভবনের পরীক্ষা কক্ষ সরেজমিনে পরিদর্শন করেন।

এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন প্রো-উপাচার্য প্রফেসর ড. এম. এয়াকুব আলী, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ মনজুরুল হক এবং ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়কারী ও আইন অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মাদ নাজিমুদ্দিন। ভর্তি পরীক্ষা উপলক্ষে ক্যাম্পাসে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। আইনশৃঙ্খলা রক্ষায় আনসার, পুলিশ ও র‌্যাব সদস্যদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি, বিএনসিসি ও রোভার স্কাউট সদস্যরা দায়িত্ব পালন করেন।

নকল ও প্রক্সি প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত সার্বক্ষণিক নজরদারি চালায়। পরীক্ষার্থীদের সহায়তায় দুটি অ্যাম্বুলেন্স ও একটি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়। এছাড়া ইবি থানার সামনে অভিভাবকদের জন্য আলাদা বিশ্রামকেন্দ্র স্থাপন করা হয়। মেইন গেট এলাকায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষসহ বিভিন্ন সংগঠনের হেল্পডেস্ক থেকে পরীক্ষার্থী ও অভিভাবকদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়। এদিকে ভর্তি পরীক্ষা উপলক্ষে কুষ্টিয়া-খুলনা মহাসড়কে যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক ব্যবস্থা জোরদার করা হয়, ফলে সার্বিকভাবে নির্বিঘ্ন পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে।