পুলক সরকার: ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে কুষ্টিয়ার খোকসায় যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের সভাকক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমাদুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আমজাদ আলী, ডা: আবির হোসেন সোহাগ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: আব্দুল্লাহ আল নোমান, প্রাণী সম্পদ কর্মকর্তা সোহেল রানা প্রমুখ। এসময় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের গণহত্যায় নিহত শহিদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরেন।
সভায় ইউএনও মাহমাদুল হাসান বলেন, ২৫ মার্চ জাতির ইতিহাসে এক বেদনাবিধুর অধ্যায়। এ দিনের স্মৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরা আমাদের দায়িত্ব। শহিদদের আদর্শ ধারণ করে একটি ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠান শেষে শহিদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও নীরবতা পালন করা হয়।
