রঞ্জুউর রহমান ॥ মানসম্মত পণ্য নিশ্চিত করার পাশাপাশি জ্বালানির অপচয় রোধ, সাশ্রয়ী ব্যবহার এবং ভেজালমুক্ত জ্বালানি সরবরাহে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
তিনি বলেন, অতিরিক্ত মুনাফার আশায় কিছু অসাধু ব্যবসায়ী খাদ্য, ওষুধসহ বিভিন্ন পণ্যে ভেজাল মেশাচ্ছেন এবং নানা উপায়ে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করছেন। ভেজাল ও নিম্নমানের পণ্য মানুষের আর্থিক ক্ষতির পাশাপাশি জনস্বাস্থ্য ও পরিবেশের ওপরও বিরূপ প্রভাব ফেলে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে।
গতকাল বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় বিশ্ব মান দিবস-২০২৬ উপলক্ষে কুষ্টিয়া জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
‘অভিন্ন লক্ষ্য, উন্নত বিশ্ব—সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক (রসায়ন) ও অফিসপ্রধান প্রদীপ কুমার মালো।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ জাহাঙ্গীর আলম আরও বলেন, জ্বালানি ব্যবহারের ক্ষেত্রেও সবাইকে সচেতন হতে হবে। জ্বালানির অপচয় রোধ, সাশ্রয়ী ব্যবহার এবং মানসম্মত ও ভেজালমুক্ত জ্বালানি নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন। একই সঙ্গে ভোক্তাদের পণ্য ও জ্বালানি কেনার সময় মান, পরিমাপ এবং গুণগত বৈশিষ্ট্য যাচাই করে সচেতনভাবে সিদ্ধান্ত নিতে হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মাসুম আলী এবং দি কুষ্টিয়া চেম্বার অব কমার্সের সভাপতি আবু জাফর মোল্লা।
এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা সভায় উপস্থিত ছিলেন।









