খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২৬ মার্চ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমাদুল হাসান। তিনি স্বাধীনতা দিবস যথাযথ মর্যাদায় উদযাপনের জন্য বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে দিকনির্দেশনা দেন।
সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান, খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন, খোকসা থানা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান, বিএনপির সাবেক সভাপতি সৈয়দ আমজাদ আলী এবং সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
