কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

১৭ বছর পর দেশে ফিরে ছাত্রদলনেতা বললেন ‘ সোনার বাংলায় ফ্যাসিবাদীর ঠাঁই নাই’

কুমারখালী প্রতিনিধি ॥ দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মামুন মোল্লা। গতকাল বুধবার (১১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি নিজ উপজেলা কুমারখালীতে পৌঁছান। তিনি কুমারখালীর পান্টি ইউনিয়নের নগরকয়া গ্রামের মোতালেব মোল্লার ছেলে।

 

মামুন মোল্লার পরিবার ও দলীয় সূত্রে জানা গেছে, ফ্যাসিবাদী সরকারের আমলে মামলা ও হয়রানির মুখে ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় দেশ ছেড়ে হংকংয়ে যেতে বাধ্য হন তিনি। তাঁর বিরুদ্ধে অন্তত সাতটি মামলা ছিল বলে দলীয় নেতাকর্মীদের দাবি।

 

দুপুরে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর তেবাড়িয়া-তরুণ মোড় এলাকায় পৌঁছালে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় অনেক নেতা-কর্মীকে আবেগাপ্লুত হয়ে পড়তে দেখা যায়।

 

দেশে ফিরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মামুন মোল্লা বলেন, ‘ ১৭ বছর দেশের বাইরে থাকা, একটা মানুষের এর চেয়ে বড় আর কী নির্যাতন হতে পারে? আমি চাই দেশে যেন আর কোনো ফ্যাসিবাদের জন্ম না হয়। আমার সোনার বাংলায়, ফ্যাসিবাদীর ঠাঁই নাই। 

 

আবেগ আপ্লুত হয়ে তিনি আরও বলেন, দীর্ঘ প্রবাস জীবনে সবসময় জন্মভূমির টানে দেশে ফেরার অপেক্ষায় ছিলাম। যতদিন বাঁচি মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।

 

পান্টি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রাশিদুল ইসলাম জানান, মামুন মোল্লা ছাত্রদলের দুঃসময়ে সংগঠনকে সুসংগঠিত করতে ভূমিকা রেখেছিলেন। ফ্যাসিবাদী হাসিনার নির্মম নির্যাতন আর হামলা – মামলায় দেশ ছাড়তে বাধ্য হয়েছিল। তাঁর ফিরে আসায় তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর