খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১৪ই জুলাই ২০২৬, ১:২ এএম

আজাদ সানি ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলার হালসা কিন্ডারগার্টেন (কে.জি.) স্কুলের তিন শিক্ষার্থী সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে। প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, চলতি বছরের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় মিরপুর উপজেলা থেকে মোট নয়জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে। এর মধ্যে হালসা কিন্ডারগার্টেন স্কুলের তিনজন শিক্ষার্থী এই কৃতিত্ব অর্জন করে উপজেলার অন্যতম সেরা ফলাফলের স্বাক্ষর রেখেছে।
ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো- বামনগাড়ী গ্রামের মালয়েশিয়া প্রবাসী মিনারুল ইসলামের মেয়ে মারিয়া আক্তার মিম, ডাবিরাভিটা গ্রামের প্রবাসী জিয়ারুল ইসলামের মেয়ে আয়েশা খাতুন এবং কুন্টিয়ারচর গ্রামের পুলিশ সদস্য আশরাফুল ইসলামের ছেলে রায়হান উদ্দিন। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা, হালসা অঞ্চলের শিক্ষাপল্লীর জনক ও শিক্ষানুরাগী রহিদুল ইসলাম বলেন, “মিরপুর উপজেলায় মোট নয়জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে।
এর মধ্যে আমাদের হালসা কিন্ডারগার্টেন স্কুলের তিনজন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। তাদের এই সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়নে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।” শিক্ষার্থীদের এ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। তারা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য