বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় মাদকবিরোধী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে, পৌর ২০নং ওয়ার্ডে মাদক নির্মূল কমিটি এ সভার আয়োজন করেন। গতকাল শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে কুমারগাড়া এলাকায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আঞ্চলিক কার্যালয় প্রাঙ্গনে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) ফয়সাল মাহমুদ। প্রধান বক্তা ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার আলোচনা সভায় মাদকবিরোধী কার্যক্রম জোরদার, তরুণ সমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখা এবং মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, এটি একটি পরিবার ও পুরো সমাজের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিতভাবে কাজ করছে। তবে শুধু আইন প্রয়োগের মাধ্যমে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব নয়; এ ক্ষেত্রে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। তিনি আরো বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ জনগণের পাশে রয়েছে এবং এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
এছাড়া কুতুব উদ্দিন আহমেদ বলেন, বর্তমানে “মাদক একটি সামাজিক ব্যাধি হয়ে দাড়িয়েছে। এর কারণে তরুণ সমাজের একটি অংশ বিপথগামী হচ্ছে এবং পরিবার ও সমাজে নানা ধরনের সংকট তৈরি হচ্ছে। মাদক নির্মূলে শুধু অভিযান পরিচালনা করলেই হবে না, এর পাশাপাশি মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করতে হবে।
প্রকৌশলী জাকির সরকার বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের খেলাধুলা, শিক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। পাশাপাশি মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ও আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন। মাদকমুক্ত সমাজ গঠনে সমাজের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি আরো বলেন, আমরা যদি পর্যালোচনা করি তাহলে এই সভাতে যারা উপস্থিত আছে তাদের মধ্যেও অনেকে মাদক সেবনকারী বা বিক্রেতা থাকতে পারে। এই মহামারী থেকে আমরা দুরে থাকতে চাই। আমরা যদি তরুন যুব সমাজ, দেশ রক্ষা করতে চাই তাহলে এই সর্বনাশা মাদক থেকে অবশ্যই দুরে থাকতে হবে।
আমরা মাদকমুক্ত সমাজ গড়তে সব জায়গায় সচেতনতা মূলক মাদকবিরোধী সভা করবো। আস্তে আস্তে সমাজ থেকে মাদকমুক্ত করবো। সামাজিকভাবে মাদককে বয়কট করতে পারলে আমরা সুন্দর সমাজ গড়ে তুলতে পারবো। একটি সুন্দর সমাজ গড়তে সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন হয়। তাই আসুন সকলে মাদককে না বলি। মাদকমুক্ত সমাজ গড়তে সহায়তা করি। সভায় অন্য বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক ক্ষতির কারণ। মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সামাজিক সচেতনতা কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্ব দেন তারা।








