খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ৬ই জুলাই ২০২৬, ১:৪৪ এএম

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল চত্বরে অবৈধ পার্কিংয়ে ভ্রাম্যমাণ আদালতের জরিমানাকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া অচলাবস্থার অবসান হয়েছে জেলা প্রশাসনের সঙ্গে অ্যাম্বুলেন্স মালিক সমিতির সমঝোতার মাধ্যমে। প্রায় ২১ ঘণ্টা কর্মবিরতির পর কর্মসূচি প্রত্যাহার করায় হাসপাতালে অ্যাম্বুলেন্স চলাচল আবারও স্বাভাবিক হয়েছে। এতে স্বস্তি ফিরেছে জরুরি রোগী ও তাদের স্বজনদের মধ্যে। জানা গেছে, গত শনিবার (৪ জুলাই) সকালে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল চত্বরে নো-পার্কিং এলাকায় অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন যানবাহন রেখে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি এবং হাসপাতালের পরিবেশে বিশৃঙ্খলা তৈরির অভিযোগে বিআরটিএর উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় সাতজন অ্যাম্বুলেন্স মালিককে জরিমানা করা হয়। জরিমানার প্রতিবাদে ওই দিন থেকেই কুষ্টিয়া অ্যাম্বুলেন্স মালিক ও চালকরা কর্মবিরতিতে যান। এর ফলে প্রায় ২১ ঘণ্টা হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স সেবা কার্যত বন্ধ থাকে। এতে জরুরি রোগী পরিবহনে চরম ভোগান্তির সৃষ্টি হয়। অনেক রোগী ও তাদের স্বজনকে বিকল্প যানবাহনের ব্যবস্থা করতে হয়, আবার অনেকেই সময়মতো অ্যাম্বুলেন্স না পেয়ে দুর্ভোগে পড়েন। উদ্ভূত পরিস্থিতিতে গতকাল রবিবার (৫ জুলাই) সকাল ১১টায় কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাকির হোসেনের কার্যালয়ে জেলা প্রশাসন ও অ্যাম্বুলেন্স মালিক সমিতির মধ্যে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় এক ঘণ্টাব্যাপী ওই বৈঠকে সমিতির নেতৃবৃন্দ ও মালিক-চালকরা অংশ নেন। বৈঠকে উপস্থিত ছিলেন কুষ্টিয়া অ্যাম্বুলেন্স মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ক্যাভিয়াল নুর বাপ্পী, কোষাধ্যক্ষ সোহেল রানা মামুন, সহ-সাধারণ সম্পাদক জাভেদ ইসলামসহ অন্যান্য সদস্যরা। আলোচনায় হাসপাতালের সামনে নির্ধারিত একটি কর্নারে সর্বোচ্চ চারটি অ্যাম্বুলেন্স রাখার সিদ্ধান্ত হয়।
এর মধ্যে ঢাকা ও রাজশাহী রুটের অ্যাম্বুলেন্স, একটি আইসিইউ অ্যাম্বুলেন্স এবং স্থানীয় সেবার জন্য নির্ধারিত অ্যাম্বুলেন্স রাখা যাবে। পাশাপাশি রোগী ওঠানো-নামানোর সময় যাতে কোনো ধরনের জনদুর্ভোগ সৃষ্টি না হয় এবং নির্ধারিত নিয়ম মেনে পার্কিং করা হয়, সে বিষয়েও উভয় পক্ষ একমত হয়। সমঝোতা বৈঠক শেষে কুষ্টিয়া অ্যাম্বুলেন্স মালিক সমিতি তাদের কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেয়। এরপর থেকেই হাসপাতাল এলাকায় অ্যাম্বুলেন্স চলাচল স্বাভাবিক হতে শুরু করে। কুষ্টিয়া অ্যাম্বুলেন্স মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ক্যাভিয়াল নুর বাপ্পী বলেন, জেলা প্রশাসনের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে। রোগীদের স্বার্থ বিবেচনায় আমরা কর্মবিরতি প্রত্যাহার করেছি। ভবিষ্যতে প্রশাসনের নির্দেশনা মেনে নির্ধারিত স্থানে অ্যাম্বুলেন্স রাখা হবে এবং জনদুর্ভোগ এড়াতে আমরা সতর্ক থাকব। সংশ্লিষ্টদের মতে, অবৈধ পার্কিংকে কেন্দ্র করে সৃষ্ট এই সংকট আলোচনার মাধ্যমে সমাধান হওয়ায় একদিকে হাসপাতাল চত্বরে শৃঙ্খলা বজায় থাকবে, অন্যদিকে জরুরি রোগী পরিবহন সেবাও নিরবচ্ছিন্ন থাকবে। প্রশাসন ও অ্যাম্বুলেন্স মালিকদের এই সমঝোতা ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য