বিশেষ প্রতিনিধি ॥ শুধু হাসপাতাল প্রতিষ্ঠা করলেই হবে না, রোগীদের মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল। গতকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুষ্টিয়া শহরের দিশা টার্কের সম্মেলন কক্ষে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার অ্যাসোসিয়েশন কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল বলেন, দেশের সব বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে একটি সংগঠনের ছাতার নিচে আনতেই এ সংগঠনের যাত্রা শুরু হয়েছে। বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানের সংখ্যা বাড়লেই হবে না, এসব প্রতিষ্ঠানে রোগীরা যাতে নিরাপদ ও মানসম্মত চিকিৎসাসেবা পান, তা নিশ্চিত করতে হবে। এ বিষয়ে সংগঠনের পক্ষ থেকে প্রয়োজনীয় তদারকি করা হবে। তিনি বলেন, বেসরকারি চিকিৎসাপ্রতিষ্ঠানগুলোর সেবার মান উন্নয়নে মালিক, চিকিৎসক ও সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
রোগীদের আস্থা ধরে রাখতে চিকিৎসাসেবার পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা, পরীক্ষা-নিরীক্ষা ও সার্বিক সেবার মান নিশ্চিত করাও জরুরি। সভায় বিশেষ অতিথির বক্তব্যে সংগঠনের যুগ্ম মহাসচিব মোসাদ্দেক আলী মজুমদার শাহিন বলেন, দেশের বিভিন্ন এলাকার বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের সেবার মান পর্যবেক্ষণে একটি কমিটি গঠন করা হবে। ওই কমিটি প্রতিষ্ঠানগুলোর সেবার মান পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সংগঠনকে সহযোগিতা করবে। নিম্নমানের সেবা দেওয়া প্রতিষ্ঠানগুলোর তালিকাও তৈরি করা হবে।
কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মো. শহিদুল ইসলাম বলেন, বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর চিকিৎসাসেবার মান উন্নয়নে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। চিকিৎসাসেবার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনহিতকর কর্মকাণ্ডেও তাদের আরও সম্পৃক্ত হওয়া প্রয়োজন।
জেলা প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুল ওয়াসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি বলেন, এ আয়োজন শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নয়। বেসরকারি চিকিৎসাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর পাশাপাশি কুষ্টিয়ার মানুষের জন্য আরও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
সভায় বক্তারা বলেন, সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোও দেশের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে বিভিন্ন সময়ে এসব প্রতিষ্ঠানের সেবার মান নিয়ে প্রশ্ন ওঠে। ফলে রোগীদের স্বার্থে নিয়মিত তদারকি, জবাবদিহি এবং মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
সভায় সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব মো. মোকাদ্দেছ আলী মজুমদার শাহীন, সাংগঠনিক সম্পাদক সামসুর রহমান কোয়েল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আব্দুল আওয়াল রাজা, সদস্য ডা. মোস্তফা কামাল ও মো. কামরুজ্জামান রাসেল, কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. মো. আনোয়ারুল কবীর, কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. শেখ মোহাম্মদ কামাল হোসেন, ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কুষ্টিয়া জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ডা. মো. ফজলুল হক এবং সংগঠনের কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আরাফাত জামান (তপন)সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।









