বিশেষ প্রতিনিধি ॥ ‘শিক্ষকদের পাশে: পেশা সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (উপসচিব) (সার্বিক, শিক্ষা ও আইসিটি এবং উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মোহাম্মদ মিজানুর রহমান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু তৈয়ব মো. ইউনুছ আলী, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দা নাজনীন আলম, মিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্ব) কে এম গোলাম মহিউদ্দিন এবং ভেড়ামারা উপজেলা শিক্ষা কর্মকর্তা তপন কুমার দেবনাথ।
এ ছাড়া সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা সভায় অংশ নেন।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, শিক্ষকরা জাতির একটি অত্যন্ত সম্মানজনক স্থানে অধিষ্ঠিত। তাঁরা সমাজ ও দেশের বিবেক। তাঁদের জ্ঞান, আদর্শ ও নৈতিক শিক্ষার মাধ্যমেই একটি সুন্দর, মানবিক ও সমৃদ্ধ দেশ গড়ে ওঠে।
তিনি বলেন, শিক্ষকদের মর্যাদা, পেশাগত নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। শিক্ষকদের জন্য নিরাপদ ও সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত করার পাশাপাশি তাঁদের পেশাগত উন্নয়নের সুযোগ সৃষ্টি করাও জরুরি।
সভায় বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ যথাযথভাবে উদযাপন, শিক্ষকদের অবদান ও মর্যাদা তুলে ধরা এবং দিবসটির তাৎপর্য সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার বিষয়ে বিভিন্ন প্রস্তুতি ও করণীয় নিয়ে আলোচনা করা হয়।









