কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

রাশেদের ছড়ানো ভিডিও নিয়ে মুখ খুললেন আমির হামজা

ঢাকা অফিস ॥ কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আমির হামজার নারীঘটিত কথোপকথনের অডিও ও ভিডিও থাকার দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তবে রাশেদের এ দাবিকে গভীর ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন আমির হামজা।

 

সম্প্রতি বগুড়ার এক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আমির হামজা বলেন, ‘ওরা আজ আলেমদের পেছনে লাগে। ওদের যদি আজ মোবাইল চেক করে দেখেন… নাউজুবিল্লাহ, চরিত্র বলে কিছু আছে? তোষামোদ করে এ পদটা যদি আজ না পেত, আমার মনে হয় আজ রাস্তা ঝাড়ু দিয়ে খাওয়া লাগত। ওর তো রাস্তা ঝাড়ু দেওয়ারও যোগ্যতা নেই। মানুষ কি তাকে রাস্তা ঝাড়ু দিতে নিবে? অথচ সে আজ প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী।’

 

রাশেদ খাঁনের বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ‘মানুষের পেছনে যারা লেগে থাকে, আল্লাহ যেন তাদের মুখ বন্ধ করে দেন। আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী সাহেবের বিরুদ্ধে ষড়যন্ত্র করার কারণে তিনি একটি বদদোয়া করেছিলেন। আমি আওয়ামী লীগের সময় রিমান্ডে গিয়ে দেখলাম, ডিসি-এসপিরা আমাকে মোবাইলে শোনাচ্ছেন দেলাওয়ার হোসাইন সাঈদী এক মহিলার সঙ্গে গল্প করছেন। একেবারে হুবহু মিলে যাচ্ছে ওনার কণ্ঠ! ওই সময় ইসরায়েলের কাছ থেকে এআই প্রযুক্তি এনেছিলেন শেখ হাসিনা। আমাকে বলছে—দেখ, তোর হুজুর কী করে।’

 

তিনি আরও বলেন, ‘এখন আবার শুরু করেছে আলেমদের বিরুদ্ধে। আল্লামা সাঈদী বদদোয়া করেছিলেন, আল্লাহ আমার এত বড় অসম্মান যারা করল, তাদের তুমি জাতির সামনে ল্যাংটা করে দিও। আমিও মুসাফির অবস্থায় কোরআন সামনে রেখে আল্লাহর কসম এই বগুড়ার মাটিতে বদদোয়া দিয়ে গেলাম—আমাদের সম্মান নিয়ে যারা ছিনিমিনি খেলছে, এসব অপপ্রচারের একটি অক্ষরের সঙ্গেও আমাদের কোনো সম্পর্ক নেই।’

 

আমির হামজা বলেন, ‘আল্লামা সাঈদীর বিরুদ্ধে ওরা চার শ পৃষ্ঠা লিখেছিল। তার একটার সঙ্গেও কি সত্যতার মিল পেয়েছেন? এগুলো সব ভারত করিয়েছে। আজও যারা আলেমদের পেছনে লেগেছেন এবং হক কথা বলা থেকে তাদের থামিয়ে দিতে চান, ঠিক একইভাবে ভারত এসব করাচ্ছে। যাদের দিয়ে এসব করাচ্ছে, তারা তোষামোদকারী।’

 

এর আগে গত ৬ নভেম্বর আমির হামজার একটি কথোপকথনের অডিও ফাঁসের দাবি করে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

 

ওই পোস্টে তিনি দাবি করেন, আমির হামজাকে ঘিরে নারীসংক্রান্ত কিছু ভিডিও ও অডিও তার হাতে এসেছে এবং সেগুলো ফ্যাক্টচেক করে তথ্যের সত্যতাও পাওয়া গেছে। একই সঙ্গে আমির হামজার কথোপকথনের কিছু অংশ প্রকাশ করে অডিওর সম্পূর্ণ লিংক কমেন্ট বক্সে যুক্ত করে দেওয়ার কথা জানান তিনি।

 

ফাঁস হয়েছে বলে দাবি করা ওই অডিওতে এক ব্যক্তিকে বারবার ক্ষমা চাওয়া, নিজের ভুলের জন্য অনুতপ্ত হওয়া এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে গিয়ে ক্ষমা চাওয়ার কথা বলতে শোনা যায়। কথোপকথনে ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘আপনাদের ওপর আমার কোনো রাগ, ক্ষোভ, অভিমান বা কিচ্ছু নেই। ওটুকু আমার শয়তানের ধোঁকায় হোক, কিংবা নফসের জালে হোক, হওয়ার পরে আমি নিজেই অনুতপ্ত।’

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর