বিশেষ প্রতিনিধি ॥ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মজয়ন্তী উপলক্ষে তিন দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিনে কুষ্টিয়ায় নাটক মঞ্চস্থ করা হয়েছে। অনুষ্ঠানে বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে রবীন্দ্রনাথের বিখ্যাত “তোতা কাহিনী” নাটক মঞ্চস্থ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সাংস্কৃতিক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
তিনি বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ও সংস্কৃতি বাঙালির চেতনা ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন প্রজন্মের মাঝে রবীন্দ্রচর্চা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা, সংরক্ষিত নারী আসনের এমপি ফরিদা ইয়াসমিন, জাসাস কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান,
কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামিম উল হাসান অপু এবং জেলা জাসাস নেতা শাহনেওয়াজ আরেফিন পাপ্পু। অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী, নাট্যপ্রেমী ও সংস্কৃতিমনা মানুষ উপস্থিত ছিলেন। নাটক মঞ্চায়নের মাধ্যমে রবীন্দ্রনাথের সাহিত্যচর্চা ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
