কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

যথাযথ মর্যাদায় ইবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

ইবি প্রতিনিধি ॥ যথাযথ মর্যাদায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, শোক র‌্যালি, নীরবতা পালন ও স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল রবিবার (১৪ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে এবং আবাসিক হলগুলোতে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করা হয়। প্রশাসন ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনর্মিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এবং কালো পতাকা উত্তোলন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক। পতাকা উত্তোলন শেষে প্রশাসনের নেতাদের উপস্থিতিতে একটি শোক র‌্যালি বের করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, হল, সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন অংশগ্রহণ করে। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ স্মৃতিসৌধের পাদদেশে গিয়ে শেষ হয়। পরে শহিদ স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

পরে একে একে জিয়া পরিষদ, ইউট্যাব, কর্মকর্তা সমিতি, কর্মচারী সমিতি, ৩৬টি বিভাগ, আবাসিক হল, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন এবং তাদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। উল্লেখ্য, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর মুক্তিযুদ্ধের চূড়ান্ত মুহূর্তে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা জাতির মেধাবী সন্তান— শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক ও বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে। জাতিকে মেধাশূন্য করার উদ্দেশ্যে সংঘটিত এই নৃশংসতা ছিল ইতিহাসের এক জঘন্যতম অপরাধ। স্বাধীনতার পর থেকেই দিবসটিকে অনানুষ্ঠানিকভাবে পালন করা হলেও, ১৯৯৭ সাল থেকে এটি রাষ্ট্রীয়ভাবে পালিত হচ্ছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর