মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নওপাড়া গ্রামে মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধ বাবাকে ফুসলিয়ে রেজিস্ট্রি অফিসে নিয়ে জমি লিখে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে পরিবারের কয়েকজন সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় বাধা দেওয়ায় ওই বৃদ্ধের দুই মেয়েকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহত দুই বোন বর্তমানে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
গতকাল রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক আড়াইটার দিকে মিরপুর রেজিস্ট্রি অফিস চত্বর ও এর আশপাশে এ ঘটনা ঘটে। আহতরা হলেন—আলাউদ্দিন শেখের বড় মেয়ে আলিয়া খাতুন (৪০) ও ছোট মেয়ে নাসিমা খাতুন (৩৮)। অভিযোগে অভিযুক্তদের মধ্যে রয়েছেন আলাউদ্দিন শেখের ছেলে মিরাজুল (৫০), তাঁর ভাই আজিজুলসহ আরও কয়েকজন। স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের অভিযোগ, বৃদ্ধ আলাউদ্দিন শেখ দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছেন।
তাঁর অসুস্থতা ও অসহায়ত্বের সুযোগ নিয়ে পরিবারের কয়েকজন সদস্য তাঁকে ফুসলিয়ে ও বিভিন্ন প্রলোভন দেখিয়ে মিরপুর রেজিস্ট্রি অফিসে নিয়ে যান। সেখানে তাঁর নামে থাকা জমি নিজেদের নামে রেজিস্ট্রি করে নেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ পরিবারের সদস্যদের। বিষয়টি জানতে পেরে আলাউদ্দিন শেখের দুই মেয়ে আলিয়া খাতুন ও নাসিমা খাতুন রেজিস্ট্রি অফিসে গিয়ে বাবার জমি লিখে নেওয়ার বিষয়ে আপত্তি জানান।
এ সময় তাঁদের সঙ্গে অভিযুক্তদের বাগ্বিতণ্ডা শুরু হয় বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যদের অভিযোগ, একপর্যায়ে জমি রেজিস্ট্রির চেষ্টায় বাধা দেওয়ায় মিরাজুল, আজিজুল ও তাঁদের সহযোগীরা দুই বোনের ওপর হামলা চালান। তাঁদের এলোপাতাড়ি মারধরে দুই বোন আহত হন। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আহত আলিয়া ও নাসিমাকে উদ্ধার করেন। তাঁদের দ্রুত মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
বর্তমানে তাঁরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। রেজিস্ট্রি অফিসের মতো একটি গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনার সামনে প্রকাশ্যে হামলার অভিযোগের ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে আমাদের কাছে এখনও কেউ লিখিত অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে দ্রুত তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।” এদিকে, ঘটনার পর ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।









