কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুরে বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

 

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে জমি-জায়গা নিয়ে পূর্ববিরোধের জেরে একটি বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১৪ জনের নাম উল্লেখ করে এবং আরও ৮ থেকে ১০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মিরপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এক নারী। অভিযোগকারীর দাবি, হামলায় তাঁর বসতবাড়ি ও ঘরের বিভিন্ন আসবাবপত্রসহ মালামাল ভাঙচুরের ঘটনায় প্রায় ২ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

অভিযোগপত্র সূত্রে জানা যায়, মিরপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মোশারফপুর গ্রামের বাসিন্দা মোছা. মাজেদা খাতুন শাহানাজ (৪৫) তাঁর স্বামী মো. আশরাফুল হকের বসতবাড়ি ও জমি-জায়গা নিয়ে অভিযুক্তদের সঙ্গে পূর্ববিরোধের কথা উল্লেখ করে মিরপুর থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগে বলা হয়েছে, গত ২৩ আগস্ট ভোর আনুমানিক ৫টার দিকে পূর্ববিরোধের জের ধরে অভিযুক্তরা দেশীয় বিভিন্ন অস্ত্রশস্ত্র-রামদা, শাবল, জিআই পাইপ, হাতকুড়াল, লোহার রড, হকিস্টিক ও লোহার হাতুড়ি নিয়ে সংঘবদ্ধভাবে তাঁর বসতবাড়িতে প্রবেশ করেন।

অভিযোগকারীর দাবি, বাড়িতে প্রবেশের পর অভিযুক্তরা ব্যাপক ভাঙচুর চালান। এ সময় ঘরের বিভিন্ন আসবাবপত্র ও মালামাল ক্ষতিগ্রস্ত করা হয়। এতে আনুমানিক ২ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় অভিযোগকারীর ছেলে মো. সানজিদ (১৬) ও মেয়ে মোছা. সুইকে মারধরের চেষ্টা করা হয় বলেও অভিযোগে দাবি করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা ভুক্তভোগী ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশের ভয়ভীতি প্রদর্শন করেন। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে চলে যান।

অভিযোগকারীর ভাষ্য অনুযায়ী, জমি-জায়গা নিয়ে দীর্ঘদিনের পূর্ববিরোধের জের ধরেই এ হামলার ঘটনা ঘটেছে। ভবিষ্যতে অভিযুক্তরা তাঁর ও পরিবারের সদস্যদের বড় ধরনের ক্ষতি করতে পারেন এমন আশঙ্কার কথাও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানা যায়নি। এ ঘটনায় ভুক্তভোগী নারী মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন।

 

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর