কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুরে পৃথক ২টি বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ২৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে পৃথক ২টি বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ২৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং অগ্নিকান্ডে ২টি পরিবারের পুরো ঘরবাড়িই পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত ২টার সময় মিরপুর পৌরসভার ০১ নং ওয়ার্ড সুলতানপুরের মৃত আব্দুল আজিজের পুত্র আব্দুল বাতেনের বাড়িতে ও একই সময়ে তালবাড়িয়া ইউনিয়নের মাহাতাব জোয়ার্দ্দারের পুত্র মিন্টু জোয়ার্দ্দারের বাড়িতে এসব অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরিবারের সমস্ত সহায় সম্বল পুড়ে যাওয়ায় ২টি পরিবারকেই এখন খোলা আকাশের নিচে বাস করতে হচ্ছে। সুলতানপুরের আব্দুল বাতেনের ভাই আব্দুর রাজ্জাক জানান-আমার ছোট ভাই কর্মসুত্রে সিরাজগঞ্জে থাকে। বাড়িতে তার স্ত্রী ও এক সন্তান ছিলো।

রাত ২টার দিকে আমি হইচই শুনে উঠে দেখি, ছোট ভাইয়ের বাড়িতে আগুন ধরে গেছে। ভায়ের স্ত্রী ও সন্তান ঘর থেকে বের হতে পারলেও গবাদি পশু ও প্রয়োজনীয় কোন মালামালই বের করতে পারেনি। সবকিছুই পুড়ে ছারখার হয়ে গেছে। পরে আমরা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তালবাড়িয়ার মিন্টু জোয়ার্দ্দারের মাতা মনোয়ারা বেগম জানান-রাতে ঘুমের ঘোরে শব্দ শুনতে পেয়ে মনে করছি টিনের উপর ঈদুর দৌড়াচ্ছে। কিন্তু বাইরে বের হয়ে দেখি আমার ছোট ছেলে মিন্টুর ঘরে আগুন লেগে দাউ দাউ করে জ্বলছে। পরে বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে আগুন নেভানোর চেষ্টা করে লোকজন। শেষে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। মিরপুর ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর আতিকুর রহমান জানান-শর্ট সার্কিটের মাধ্যমে ২টি বাড়িতেই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছে। প্রাথমিক ভাবে তদন্তে  উভয় বাড়িতে প্রায় ২৩লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কুষ্টিয়া জেলা জামাতের নায়েবে আমীর আব্দুল গফুর জানান-অগ্নিকান্ডের ঘটনা জানার পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর মিরপুর উপজেলা নেতৃবৃন্দ তাৎক্ষণিক ২টি ঘটনাস্থল পরিদর্শন করে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ ২টি পরিবারকে ১০ হাজার করে নগদ ২০ হাজার টাকা সহায়তা করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কুষ্টিয়া জেলা জামাতের নায়েবে আমীর আব্দুল গফুর, মিরপুর উপজেলা জামাতের আমীর মাওলানা খন্দকার রেজাউল করিম, নায়েবে আমীর অধ্যাপক শাহ আক্তার মামুন, সহকারী সেক্রেটারী গোলাম মোস্তফা ও ওমর ফারুক, মিরপুর পৌর আমীর চাঁদ আলী মল্লিক,তালবাড়িয়া ইউনিয়ন আমীর, বারুইপাড়া ইউনিয়ন আমীর আব্দুল কাদের প্রমুখ।

এ সময় আব্দুল গফুর বলেন – অগ্নিকান্ডের ঘটনা জানার পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর মিরপুর উপজেলা নেতৃবৃন্দ তাৎক্ষণিক ২টি ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ ২টি পরিবারকে ১০ হাজার করে নগত ২০ হাজার টাকা সহায়তা করা হয়েছে।বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা সবসময় অসহায় মানুষের পাশে আছে এবং থাকবে। সেই সাথে আপনারা এলাকাবাসীও এগিয়ে আসুন,ক্ষতিগ্রস্তদের পাশে দাড়ান। যার যেটুকু সামর্থ আছে,তাই নিয়ে অসহায় মানুষগুলোর পাশে দাড়ান।বাংলাদেশ জামায়াতে ইসলামী যদি কখনো ক্ষমতায় আসে,তবে এ রকম ক্ষতিগ্রস্তদের ঘর নির্মাণসহ সমস্ত দায়িত্ব রাষ্ট্রীয়ভাবে পালন করবে ইনশাআল্লাহ। উপজেলা প্রশাসনকে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাড়াতে আহবান জানান তিনি। মিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিবি করিমুন্নেছা বলেন-সুলতানপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে নগদ ৫হাজার টাকা সহায়তা দেয়া হয়েছে এবং ঢেউটিনের পাওয়ার জন্য আবেদন করতে বলা হয়েছে। তালবাড়িয়ায় অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার যোগাযোগ করলে তাদেরকেও সহায়তা করা হবে।

Tags :

Desk Reporter

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর