মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ছেলে হত্যা মামলার প্রধান আসামি এখনো গ্রেপ্তার না হওয়া এবং বিচার প্রক্রিয়ার ধীরগতির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন নিহত রানা মালিথার পরিবার। গতকাল রবিবার (১৯ এপ্রিল) সকাল ১১টায় মিরপুর উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে নিহতের পিতা মো. আব্দুল্লাহ মালিথা লিখিত বক্তব্য পাঠ করেন।
তিনি অভিযোগ করেন, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কেশবপুর এলাকার তরুণ রানা মালিথা হত্যাকাণ্ডের ঘটনায় একাধিক আসামি গ্রেপ্তার হলেও মূল অভিযুক্ত ব্যক্তি এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে। এতে করে ন্যায়বিচার প্রাপ্তি নিয়ে গভীর উদ্বেগ ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে পরিবারটি। তিনি আরও বলেন, দীর্ঘ সময় অতিবাহিত হলেও মামলার তদন্ত ও বিচার কার্যক্রম প্রত্যাশিত গতিতে এগোচ্ছে না।
এতে করে ভুক্তভোগী পরিবার মানসিকভাবে ভেঙে পড়েছে এবং ন্যায়বিচার প্রাপ্তি নিয়ে শঙ্কা ক্রমেই বাড়ছে। সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের প্রতি জোরালো আহ্বান জানিয়ে বলেন, দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রধান আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি মামলার বিচার কার্যক্রম দ্রুত সম্পন্ন করারও দাবি জানান তিনি।
এসময় নিহতের পরিবারের সদস্যরা আবেগঘন পরিবেশে তাদের বেদনার কথা তুলে ধরেন এবং দেশবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেন। স্থানীয় গণমাধ্যমকর্মীরাও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন শেষে পরিবারটি তাদের সন্তানের হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
