খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ৩ই আগস্ট ২০২৬, ২:০ এএম

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলার সুলতানপুর এলাকায় গোরস্থানের পানির মোটর ও অন্যান্য মালামাল চুরির ঘটনায় জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে আটক করেছে মিরপুর থানা পুলিশ। এর আগে স্থানীয় বিক্ষুব্ধ জনতা তাদের চোর সন্দেহে আটক করে গণধোলাই দেওয়ার অভিযোগ রয়েছে। আটক দুই ব্যক্তি হলেন সুলতানপুর গ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে মো. জাহিদুল ইসলাম (৪২) এবং ফোরকানের ছেলে মো. সানোয়ার (৩৫)।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৩১ জুলাই রাতে সুলতানপুর গ্রামের গোরস্থান থেকে ব্যবহৃত একটি পানির মোটরসহ বিভিন্ন মালামাল চুরি হয়। এ ঘটনার পর এলাকায় চুরির বিষয়টি নিয়ে উত্তেজনা বিরাজ করে। এরই ধারাবাহিকতায় গত ১ আগস্ট শনিবার দুপুর আনুমানিক ২টার দিকে গোরস্থান সংলগ্ন এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা জাহিদুল ও সানোয়ারকে আটক করেন। পরে তাদের চোর সন্দেহে গণধোলাই দিয়ে মিরপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা চলাফেরা ও কথাবার্তায় অসংলগ্ন আচরণ করেন এবং সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি।
পরবর্তী সময়ে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) ৫৪ ধারায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। মিরপুর থানার জিডি নং-৭০, তারিখ ২ আগস্ট ২০২৬-এর ভিত্তিতে গতকাল রোববার (২ আগস্ট) তাদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে কুষ্টিয়ার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই ব্যক্তিকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাদের আদালতে পাঠানো হয়েছে।” তবে পুলিশ এখনো চুরির ঘটনায় তাদের সম্পৃক্ততার বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য