রঞ্জুউর রহমান ॥ কুষ্টিয়ায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভাসহ একাধিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় গড়াই নদীতে উচ্চস্বরে গান-বাজনা বন্ধ, শহরের মোজামপুর মোড়ের যানজট নিরসন এবং জেলায় মাদকবিরোধী অভিযান জোরদারে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ তৌহিদ বিন-হাসান।
গতকাল রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এসব সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ তৌহিদ বিন-হাসান। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা, কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য আব্দুল গফুর, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহাম্মেদ, কুষ্টিয়া জেলার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার এবং কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ আমিনুল ইসলাম।
এছাড়া সভায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হারুন অর রশিদ, কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমিরুল আরাফাত, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহীন খসরু, খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা খালিদ বিন মনসুর, দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য গুহ, সিভিল সার্জন ডা. শেখ মোহাম্মদ কামাল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকির হোসেন, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ মনজুরুল করিম, জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু তৈয়ব মোহাম্মদ ইউনুছ আলী, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নূরে সফুরা ফেরদৌসসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ তৌহিদ বিন-হাসান বলেন, গড়াই নদীতে উচ্চস্বরে গান-বাজনা বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। নদীর পরিবেশ, জনশৃঙ্খলা এবং সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, নদী ও এর আশপাশের পরিবেশ যাতে শব্দদূষণ ও অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডের কারণে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কুষ্টিয়া শহরের ব্যস্ততম মোজামপুর মোড়ের দীর্ঘদিনের যানজট প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, যানজট নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বিতভাবে কাজ করে দ্রুত যানজট কমানোর নির্দেশনা দেওয়া হয়েছে। জেলায় মাদক নির্মূলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে নিয়মিত ও ধারাবাহিক অভিযান পরিচালনার আহ্বান জানান জেলা প্রশাসক। তিনি বলেন, মাদক কারবারিদের কোন ছাড় নেই। মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালিত হলে মাদক কারবারিদের মধ্যে ভীতি সৃষ্টি হবে এবং সাধারণ মানুষের মধ্যে মাদকবিরোধী সচেতনতা বাড়বে। এর মাধ্যমে জেলায় মাদকের বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে সরকারি বিভিন্ন দপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাধারণ মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক মোহাম্মদ তৌহিদ বিন-হাসান। সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, যানজট নিরসন, নদীর পরিবেশ রক্ষা এবং জননিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।








