বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে নেশাজাতীয় টাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। গতকাল বুধবার (২০ মে) দুপুর ১২টা থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, “খ” সার্কেল কুষ্টিয়ার উদ্যোগে জেলার মিরপুর ও কুষ্টিয়া সদর উপজেলার দহকুলা মোল্লাপাড়া এবং কুঠিপাড়া এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ১০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তিনজনকে আটক করা হয়। আটকরা হলেন— মোঃ শুভ মোল্লা, মোঃ খোকন এবং মোঃ সাইফুল ইসলাম। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খবির আহমেদ ও উপপরিদর্শক মোঃ ইকবাল হোসেন এর প্রসিকিউশনে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মোঃ জাকিউল আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটক তিনজনকে যথাক্রমে ১ মাস, ৪ মাস ও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২ হাজার, ৩ হাজার ও ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। পরে দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়।









