ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামের লক্ষণ নিয়ে এ পর্যন্ত মোট ৫ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে ৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এবং বর্তমানে ২ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। গতকাল শুক্রবার (১০ এপ্রিল) হাসপাতাল সূত্রে জানা যায়, ভর্তি শিশুদের জন্য পৃথক আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের মেডিকেল অফিসার ডা. আফছানা মিমি জানান, হামের রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালেই আলাদা আইসোলেশন ব্যবস্থা রয়েছে। সেখানে একটি মেডিকেল টিম গঠন করে নিয়মিত চিকিৎসা দেওয়া হচ্ছে।
ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান বলেন, ‘হামের লক্ষণ নিয়ে মোট ৫ জন শিশু ভর্তি হয়েছিল। এর মধ্যে ৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। বর্তমানে ২ জন শিশু আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। এখন পর্যন্ত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।’ স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
