কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

‎ভেড়ামারায় বাল্যবিবাহ প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত, বরকে জরিমানা

ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় উপজেলা প্রশাসনের সময়োপযোগী ও দ্রুত পদক্ষেপে পণ্ড হয়ে গেছে একটি বাল্যবিবাহের আয়োজন। আইন অমান্য করে বাল্যবিবাহ করতে আসায় কনেপক্ষের উপস্থিতিতে বরকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

গতকাল শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের কোদালিয়াপাড়া গ্রামে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার।

 

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, চাঁদগ্রাম ইউনিয়নের কোদালিয়াপাড়া গ্রামের বাসিন্দা মো. ফজলুর রহমানের নাবালিকা কন্যা মোছা. লামিয়া খাতুনের সঙ্গে পার্শ্ববর্তী মিরপুর উপজেলার নওদা খাদিমপুর গ্রামের মো. নাইম আলীর (২১) বিয়ের আনুষ্ঠানিকতা চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে কনের বাড়িতে বাল্যবিবাহের প্রস্তুতির খবর পায় উপজেলা প্রশাসন। তথ্য পাওয়ার পরপরই সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কনের বাড়িতে উপস্থিত হয়।

 

প্রশাসনের উপস্থিতি টের পেয়ে কনেবাড়িতে হুলুস্থুল পড়ে যায়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট কনের বয়সের প্রমাণপত্র যাচাই-বাছাই করে কনে অপ্রাপ্তবয়স্ক হওয়ার সত্যতা নিশ্চিত হন। বাল্যবিবাহের আয়োজন করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ‘বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭’-এর ৭(১) ধারা অনুযায়ী বর মো. নাইম আলীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একইসঙ্গে কনে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে অভিভাবকদের কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়।

 

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার জানান, ‘বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি ও দণ্ডনীয় অপরাধ। খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে গিয়ে বিয়েটি বন্ধ করি এবং বরকে আইন অনুযায়ী অর্থদণ্ড দেওয়া হয়। একটি সুন্দর, সচেতন ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে ভেড়ামারা উপজেলা প্রশাসনের এ ধরনের প্রতিরোধমূলক অভিযান অব্যাহত থাকবে।’

 

অভিযানকালে স্থানীয় জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন সচেতন স্থানীয় বাসিন্দারা।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর