বিশেষ প্রতিনিধি ॥ ৩১ অক্টোবর অনুষ্ঠিতব্য ঢাকা-কুষ্টিয়া লংমার্চ সফলের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১৬ অক্টোবর) সকালে কুষ্টিয়া জেলা জামায়াতের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য যশোর কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন।
তিনি বলেন, বর্তমান সরকার মাত্র সাত মাসের শাসনামলে দলীয়করণ ও চাঁদাবাজির বিস্তারের মাধ্যমে জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। জ্বালানি তেলের দাম বাড়িয়ে সরকার জনগণের আস্থা হারিয়েছে। সবমিলিয়ে দেশের মানুষ ভালো নেই।
জনগণের প্রত্যাশা পূরণে সরকারকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দেশের মানুষের জীবনযাত্রার ব্যয় ক্রমাগত বাড়ছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ দিশেহারা। এর ওপর জ্বালানি তেলের দাম বাড়ানো জনজীবনে বাড়তি চাপ সৃষ্টি করেছে। অন্যদিকে, দলীয়করণ ও চাঁদাবাজির অভিযোগে জনমনে অসন্তোষ বাড়ছে। এসব সমস্যা সমাধানে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
তাই আগামী ৩১ অক্টোবর সাত দফা দাবিতে ঢাকা থেকে খুলনা, যশোর, ঝিনাইদহ হয়ে কুষ্টিয়া পর্যন্ত লংমার্চ করবে ১১ দলীয় ঐক্য। এ কর্মসূচি বাস্তবায়নে সকলকে এগিয়ে আসতে হবে।
আগামী ৩১ অক্টোবর শনিবার গণভোটের গণরায় বাস্তবায়ন; জুলাই গণহত্যার বিচার; বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন; নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি রোধ; আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও প্রশাসনের সর্বস্তরে সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে ঢাকা-খুলনা-যশোর-ঝিনাইদহ-কুষ্টিয়া রুটে লংমার্চ অনুষ্ঠিত হবে।
কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ খন্দকার একেএম আলী মুহসিনের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন জামায়াতের কুষ্টিয়া যশোর অঞ্চলের টিম সদস্য মাওলানা আব্দুল মতিন, জামায়াতের কুষ্টিয়া জেলা নায়েবে আমীর কুষ্টিয়া মিরপুর ভেড়ামারা আসনের সংসদ সদস্য আব্দুল গফুর, খোকসা কুমারখালী আসনের এমপি আফজাল হুসাইন, কুষ্টিয়া সদর আসনের এমপি মুফতি আমীর হামজা, জামায়াতের জেলা সেক্রেটারি এনামুল হক, জামায়াতের কুষ্টিয়া সদর উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী মমিন বিশ্বাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় উক্ত লংমার্চ সফল করার লক্ষ্যে সার্বিক প্রস্তুতি পর্যালোচনা ও বিভিন্ন দিকনির্দেশনামূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভা শেষে কুষ্টিয়া লংমার্চের সমাবেশ স্থল কুষ্টিয়া আবরার ফাহাদ স্টেডিয়ামের জায়গা পরিদর্শন করেন নেতৃবৃন্দ।
অপরদিকে জামায়াতের কুষ্টিয়া সদর উপজেলা, মিরপুর উপজেলা, দৌলতপুর, ভেড়ামারা উপজেলায় পৃথক পৃথক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
কুষ্টিয়ায় জামায়াতে ইসলামীর ঢাকা-কুষ্টিয়া লংমার্চ উপলক্ষে সদর জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
কুষ্টিয়া সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা শরিফুল ইসলামের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি খায়রুল ইসলাম রবিন ও কুষ্টিয়া সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি ডা. রায়হান আলী, পরিকল্পনা সেক্রেটারি শামসুজ্জামান জুয়েল, নাযেবী আমীর হাজী ইউনুস আলী, সদর উপজেলা শ্রমিক কল্যাণের সভাপতি আজমল ইসলাম, প্রচার সম্পাদক সামছুল হক রুবেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অন্যদিকে, কুষ্টিয়ার মিরপুরে জামায়াতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আমীর মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা জামায়াতের নায়েবে আমীর ও কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও লংমার্চ সফল করার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভেড়ামারা পৌরসভা শাখার উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. শফিকুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন ভেড়ামারা পৌরসভা জামায়াতের আমির জনাব হাবিবুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভা জামায়াতের সেক্রেটারি মো. নিজামুদ্দিন, বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারিবৃন্দ এবং কাউন্সির প্রার্থীরা।









