ভেড়ামারা প্রতিনিধি ॥ মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে প্রায় ৫ লাখ ৭৬ হাজার টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করেছে মৎস্য বিভাগ। পরবর্তীতে জব্দকৃত এসব জাল নদীর তীরবর্তী চরগোলাপনগরের ঢাকাপাড়ায় জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
গতকাল রোববার (২৫ অক্টোবর) মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন কুষ্টিয়া জেলা মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।
অভিযান সূত্রে জানা যায়, পদ্মা নদী থেকে প্রাকৃতিক মৎস্যসম্পদ ধ্বংসকারী ১০৬টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল (আনুমানিক মূল্য ৪ লাখ ২৬ হাজার টাকা) এবং ৭ হাজার ৫০০ মিটার কারেন্ট জাল (আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা) জব্দ করা হয়।
অভিযানে ভেড়ামারা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশেদ হাসান, এসআরবি-১২ সিপিসি-১ কুষ্টিয়ার ডিএডি নকিব সাদেক আলীসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও উপজেলা মৎস্য দপ্তরের কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মৎস্য বিভাগের কর্মকর্তারা জানান, মা ইলিশের প্রজনন সুরক্ষা এবং জলজ জীববৈচিত্র্য রক্ষায় ক্ষতিকর জালের ব্যবহার বন্ধ করা জরুরি। প্রাকৃতিক মাছের বংশবিস্তার ও ইলিশের পোনা রক্ষায় জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।









