খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ৬ই জুলাই ২০২৬, ১:৪৬ এএম

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে বালুঘাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আরিফুল ইসলাম (৪৩) নামের এক ব্যবসায়ীকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে ফাঁকা গুলি বর্ষণের ঘটনায় থানায় মামলা নথিভুক্ত হয়েছে। গতকাল রবিবার (৫ জুলাই) সকালে আহত ব্যক্তির ভাতিজা রনি বাদী হয়ে দুইজনের নামে মামলা করেন। এছাড়াও মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ১৮-২০ জনকে। এরআগে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার যদুবয়রা ইউনিয়নের লালনবাজার এলাকায় হামলার শিকান হন ব্যবসায়ী আরিফুল।
এছাড়াও রাত ১২টার ওই ব্যবসায়ী আরিফুল, তাঁর বড় ভাই রবিউল ইসলাম ও চাচাতো ভাই সামছুল ইসলামের বাড়িতে ফাঁকা গুলি বর্ষণের অভিযোগ পাওয়া গেছে। আরিফুল যদুবয়রা ইউনিয়নের হাঁসদিয়া গ্রামের মৃত সাদেক আলীর ছেলে। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আহত আরিফুল বলেন, ‘ টাকা প্রদানের শর্তে আমার ভাটার ওপর দিয়ে বালুর গাড়ি চলাচল করে। ঘাটে আমার একটি ভেকুও চলে। ঘাটের কাছে কিছু টাকা পাওয়া আছে। শুক্রবার সকালে টাকা চাইতে গিয়ে বিএনপি নেতাদের নিয়ে ইয়ার্কিমূলকভাবে কিছু কটুক্তি কথা বলেছিলাম। হয়তো সেজন্যই রাতে সুজন ও রিশানরা হামলা চালিয়েছে। জানা গেছে, ২০২৩ সালে এলংগী আচার্য মৌজায় গড়াই নদীর ড্রেজিংকৃত প্রায় ৭০ হাজার হাজার ঘনফুট বালু প্রায় ৭০ লাখ টাকায় ইজারা দেয় পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
কিস্তিতে পরিশোধের শর্তে টেন্ডারের মাধ্যমে বালু অপসারণের দায়িত্ব পায় কুষ্টিয়ার সৈকত এন্টারপ্রাইজ। কিন্তু আওয়ামী লীগ সরকার পতন এবং বালু অপসারণের যাতায়াত ব্যবস্থা ভাল না থাকায় ঠিকাদার বালু তুলতে পারে না। সম্প্রতি ঠিকাদারের সঙ্গে যোগসাজশে এবং উপজেলা বিএনপির নেতৃবৃন্দের ছত্রছায়ায় সাবেক কলেজ ছাত্রদল নেতা সুজন হোসেন, যদুবয়রা ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক রিপন হোসেন ও তাঁদের সহযোগীরা বালুর ব্যবসা করছেন। বালুর গাড়ি গুলো টাকা প্রদানের শর্তে ব্যবসায়ী আরিফুলের জমির ওপর দিয়ে চলাচল করছে। সেই পাওনা টাকার জেরে আরিফুলের ওপর হামলার ঘটনা ঘটেছে।
মামলার বাদী মাহবুবুল হাসান রনি বলেন, ‘ সুজন, রিপন, রিশানসহ অনেকেই রাতে হঠাৎ চাচার ওপর হামলা চালিয়ে লোহার রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরতর আহত করে এবং ফাঁকা গুলি বর্ষণ করে চলে যায়। বিচারের আশায় থানায় মামলা করেছি।’ কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, ব্যবসায়ীর ওপর হামলার ঘটনায় ২জনকে আসামি করে মামলা করেছে ভিকটিমের ভাতিজা। এছাড়াও অজ্ঞাত আসামি করা হয়েছে ১৮-২০ জনকে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য