প্রকল্পগুলো বাস্তবায়নে যেন কোনো অনিয়ম না হয়: অধ্যক্ষ সোহরাব উদ্দিন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

প্রকল্পগুলো বাস্তবায়নে যেন কোনো অনিয়ম না হয়: অধ্যক্ষ সোহরাব উদ্দিন 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ৬, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া জেলা পরিষদে বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৫ মে) দুপুর ১২টার দিকে কুষ্টিয়া জেলা পরিষদ কার্যালয়ে চেক প্রদান করেন, পরিষদের প্রশাসক ও বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। চেক বিতরণের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারঃ) পলাশ মন্ডল।

জেলা পরিষদ সূত্রে জানা যায়, কুষ্টিয়া জেলা পরিষদের অর্থায়নে বিদ্যালয়, কলেজ, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, মন্দির সহ গৃহীত বিভিন্ন প্রকল্পের বিলের চেক প্রদান করা হয়। এসময় জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন এক বার্তায় বলেন, কুষ্টিয়া জেলা পরিষদের অর্থায়নে মসজিদ, মাদ্রাসা ও বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক প্রকল্পের চেক বিতরণ নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ।

তিনি বলেন, ধর্মীয় প্রতিষ্ঠান আমাদের সমাজের নৈতিকতা, মূল্যবোধ ও মানবিকতার ভিত্তি গড়ে তোলে। একটি মসজিদ শুধু ইবাদতের স্থান নয়, এটি সমাজ গঠনের কেন্দ্র। মাদ্রাসা শুধু শিক্ষা দেয় না, এটি আদর্শ মানুষ তৈরি করে। তাই এই খাতে বিনিয়োগ মানে একটি সুস্থ, সুশৃঙ্খল ও নৈতিক সমাজ গঠনের পথে এগিয়ে যাওয়া। তিনি আরো বলেন, জনগণের ট্যাক্সের অর্থ জনগণের কল্যাণেই ব্যয় হওয়া উচিত, স্বচ্ছতা, জবাবদিহিতা ও ন্যায়বিচারের ভিত্তিতে। এই প্রকল্পগুলো বাস্তবায়নে যেন কোনো অনিয়ম না হয়, এবং গৃহীত প্রকল্পের উন্নয়ন তথা প্রকৃত উপকারভোগীরাই যেন এর সুফল পায়, সেদিকে সকলকে সজাগ থাকতে হবে।

বীর মুক্তিযোদ্ধা সোহরাব উদ্দিন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি সবসময় জনগণের অধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচারের পক্ষে কথা বলে এসেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে, তারই সুযোগ্য পুত্র বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান এর নেতৃত্বে আমরা একটি ন্যায়ভিত্তিক, কল্যাণমুখী রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। তিনি বলেন, আমি আশাকরি, এই অর্থ সঠিকভাবে ব্যবহার করে গৃহীত প্রকল্পগুলোর নিজ নিজ প্রতিষ্ঠান ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।