কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নে ডেঙ্গুসহ নানা রোগবালাই প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
গতকাল শনিবার (৩ অক্টোবর) দুপুরে পান্টি ইউনিয়নের মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করেন পান্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান হাফিজ।
এ সময় উপস্থিত ছিলেন পান্টি বাজার বণিক সমিতির সভাপতি মো. হাসানুল হক বকুল, সাধারণ সম্পাদক নাজমুল হক বাবু, ইউপি সদস্য রবিউল ইসলামসহ গ্রাম পুলিশের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উদ্বোধন শেষে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার, রাস্তাঘাট ও ড্রেন পরিষ্কার করা হয়। মশার প্রজননক্ষেত্র ধ্বংসে জমে থাকা পানি, ময়লা-আবর্জনা অপসারণ করা হয়।
অভিযানে অংশ নেওয়া নেতাকর্মীরা জানান, ডেঙ্গুর প্রকোপ যাতে না বাড়ে সেজন্য নিজ বাড়ির আঙিনার পাশাপাশি বাজারঘাট ও রাস্তার পাশ পরিষ্কার রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করতে লিফলেট বিতরণ ও মাইকিং করা হচ্ছে।
এ বিষয়ে পান্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ বলেন, “ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই। আমরা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে এই পরিচ্ছন্নতা অভিযান চালাব। সবাইকে নিজ নিজ বাড়ির আঙিনা পরিষ্কার রাখার আহ্বান জানাচ্ছি।”
এই পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ইউনিয়ন পরিষদ।









