কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

পলিটেকনিকে ছাত্রদল-শিবিরের ধাওয়া-পাল্টাধাওয়া

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রথমবর্ষের শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে আয়োজিত মিছিলকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

 

গতকাল রোববার (১১ অক্টোবর) দুপুর থেকে ক্যাম্পাস এলাকায় শুরু হওয়া এই উত্তেজনায় দুই শিক্ষার্থী আহত হয়েছেন। পরে কলেজ প্রশাসন ও কুষ্টিয়া মডেল থানা পুলিশের যৌথ হস্তক্ষেপে সন্ধ্যা সোয়া ৬টার দিকে দুই পক্ষের মধ্যে সমঝোতা হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

 

শিক্ষার্থী ও পুলিশ সূত্রে জানা যায়, ২০২৬ শিক্ষাবর্ষে নতুন ভর্তি কার্যক্রম উপলক্ষে তিনদিন ধরে পলিটেকনিক ইনস্টিটিউটে হেল্পডেস্ক পরিচালনা করে আসছে ছাত্রদল। ভর্তি হতে আসা শিক্ষার্থীদের সহযোগিতার পাশাপাশি রোববার নতুনদের শুভেচ্ছা জানাতে একটি মিছিলের আয়োজন করা হয়।

 

এ সময় শিক্ষার্থীদের অংশ নেওয়ার ক্ষেত্রে বাধা প্রদানকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়। এ ঘটনায় দুই শিক্ষার্থী আহত হন।

 

কুষ্টিয়া জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি জুবায়ের আহমেদ বলেন, একটি প্রোগ্রামকে কেন্দ্র করে জুনিয়র শিক্ষার্থীদের যাওয়া নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছিল। এ ঘটনাকে কেন্দ্র করেই কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। তবে আহত ও জড়িতদের নিজস্ব মতাদর্শ থাকলেও তারা সাধারণ শিক্ষার্থী। পরে ছাত্রদল, ছাত্রশিবির, কলেজ ও থানা প্রশাসন একত্রে বসে বিষয়টি সমাধান করা হয়েছে।

 

অন্যদিকে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সাবেক সদস্য সচিব মো. মারুফ হোসেন পিয়াস বলেন, নতুন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে আয়োজিত সাধারণ একটি মিছিলে শিক্ষার্থীরা আসার সময় তাদের বাধা দেওয়া হয়। তা থেকেই বাগ্বিতণ্ডা ও ভুল বোঝাবুঝির সৃষ্টি। তবে থানার ওসি ও কলেজ প্রশাসনের উপস্থিতিতে আমরা নিজেদের মধ্যে সমঝোতা করেছি।

 

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, এটি ছিল শিক্ষার্থীদের অভ্যন্তরীণ একটি ছোটোখাটো ভুল বোঝাবুঝি। এতে রাজনৈতিক কোনো বড় ইস্যু ছিল না। অধ্যক্ষ মহোদয় ও পুলিশ যৌথভাবে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করেছে এবং বর্তমানে সার্বিক পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে।

 

কুষ্টিয়া সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহা. রুহুল আমিন জানান, সারাদিন অভিভাবক দিবস ও ভর্তি কার্যক্রম সুন্দরভাবে সম্পন্ন হওয়ার পর হোস্টেল এলাকায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। প্রশাসনের সহযোগিতায় দুই পক্ষকে নিয়ে আলোচনা করে বিষয়টি নিরসন করা হয়েছে।

 

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর