বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসা উপজেলার জেলা পরিষদ ডাকবাংলো প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (৬ মে) দুপুর ১২টার দিকে বৃক্ষ রোপণ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এ কর্মসূচির শুভ উদ্বোধন ও পরিদর্শন করেন, কুষ্টিয়া জেলা পরিষদ প্রশাসক ও বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন।
বৃক্ষ রোপণের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারঃ) পলাশ মন্ডল, খোকসা উপজেলা নির্বাহী অফিসার (ভারঃ) তাসমিন জাহান, খোকসা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আনিসুজ্জামান স্বপন, দি কুষ্টিয়া চেম্বারের পরিচালক ফুয়াদ রেজা ফাহিমসহ জেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, রাজনৈতিক দলের জনপ্রতিনিধি ও জনসাধারণ।
এসময় বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ রক্ষায় আগামী ৫ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছেন। এই মহাপরিকল্পনার আওতায় খাস জমি, সড়ক-মহাসড়কের পাশে, নদীর পাড়ে এবং সরকারি প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করা হবে। তারই পরিপেক্ষিতে কুষ্টিয়া জেলা পরিষদ খোকসা ডাকবাংলোতে বৃক্ষরোপণ ও পরিদর্শন করা হয়েছে।
তিনি সবাইকে একটি করে গাছ লাগানোর নির্দেশনা দেন কারণ পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা বৃক্ষরোপণের বিকল্প নেই এবং সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠনএই কর্মসূচিটি বিএনপি’র ৩১-দফা পরিকল্পনার অংশ, যার মধ্যে ‘ন্যাশনাল গ্রিন মিশন’ বা জাতীয় সবুজ মিশনের মাধ্যমে পরিবেশ রক্ষায় বড় উদ্যোগ নেয়ার কথা রয়েছে। জেলা পরিষদ সূত্রে, সরকারি নির্দেশনা মোতাবেক পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধি করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
