কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

নৌকা থেকে পড়ে কৃষক নিখোঁজ

ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদী পার হওয়ার সময় নৌকা থেকে ছিটকে পড়ে উজির মণ্ডল (৬০) নামের এক কৃষক নিখোঁজ হয়েছেন। গতকাল শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার বারমাইল এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ উজির মণ্ডল ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের পূর্ব নওদাপাড়া গ্রামের মৃত খেদের আলী মণ্ডলের ছেলে। প্রতিদিনের মতো তিনি পদ্মা নদী পার হয়ে ঈশ্বরদীর দাদাপুর চরে চাষাবাদের জন্য যাচ্ছিলেন। নৌকায় থাকা ব্যক্তিদের ভাষ্য, মাঝনদীতে হঠাৎ বড় একটি ঢেউ নৌকায় আঘাত করলে সেটি ঘুরে যায়।

এ সময় নৌকার হাল ধরে থাকা উজির মণ্ডল ছিটকে নদীতে পড়ে যান। কিছুক্ষণ পর নৌকায় থাকা অন্যরা প্রায় ৫০ হাত দূরে তাকে পানিতে দেখতে পান। তিনি তাদের দিকে হাত দিয়ে ইশারাও করছিলেন। কিন্তু নদীতে তীব্র স্রোত থাকায় নৌকা ঘুরিয়ে তার কাছে যাওয়া সম্ভব হয়নি। নৌকায় উজির মণ্ডলের সঙ্গে ছিলেন হযরতুল্লাহ, আসাদুল মালিথা ও আতিয়ার বিশ্বাস। হযরতুল্লাহ বলেন, প্রথমে তিনিই নৌকা চালাচ্ছিলেন। পরে উজির মণ্ডল নৌকার হাল ধরেন। মাঝনদীতে যাওয়ার পর একটি বড় ঢেউ নৌকায় আঘাত করলে নৌকাটি ঘুরে যায়। পরে পেছনে তাকিয়ে তারা উজির মণ্ডলকে নৌকায় দেখতে পাননি।

হযরতুল্লাহ বলেন, প্রায় ৫০ হাত দূরে উজির ভাইকে পানিতে দেখতে পাই। তিনি আমাদের দিকে ইশারা করছিলেন। কিন্তু নদীতে প্রবল স্রোত থাকায় নৌকা ঘুরিয়ে তার কাছে যাওয়া সম্ভব হয়নি। খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিস ও লক্ষ্মীকুন্ডা নৌ পুলিশ ঘটনাস্থলে যায়। পরে নিখোঁজ কৃষকের সন্ধানে উদ্ধার অভিযান শুরু হয়। তবে পদ্মায় তীব্র স্রোতের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, উদ্ধার অভিযানে অংশ নিতে খুলনা থেকে ডুবুরি দল আনা হচ্ছে। স্থানীয় ইউপি সদস্য কারিবুল ইসলাম রনি বলেন, উজির মণ্ডলসহ কয়েকজন কৃষক দাদাপুর চরে মাসকলাই চাষের জন্য যাচ্ছিলেন।

নৌকা থেকে পড়ে যাওয়ার পর তাকে উদ্ধারের চেষ্টা চলছে। ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম বলেন, খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যেই তারা ঘটনাস্থলে পৌঁছান। উদ্ধার অভিযান চলছে। খুলনা থেকে ডুবুরি দল আনার জন্য খবর পাঠানো হয়েছে। লক্ষ্মীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের সঙ্গে নৌ-পুলিশ সদস্যরাও উদ্ধারকাজে অংশ নিয়েছেন। নদীতে প্রবল স্রোত থাকায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। নৌকায় থাকা হযরতুল্লাহ জানান, নৌকাটি কাঠের তৈরি এবং প্রায় ৩৩ হাত লম্বা। এই নৌকায় সাধারণত অনেক মানুষ পদ্মা পারাপার করেন। শুক্রবারও কয়েকজন কৃষক চাষাবাদের জন্য নদী পার হচ্ছিলেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর