ইবি প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানাধীন হরিনারায়ণপুর কাঁচারি মাঠে দুর্গাপূজার বিসর্জন উপলক্ষে আয়োজিত মাঠে নাগরদোলায় ওঠাকে কেন্দ্র করে এক নারীকে মারধরের অভিযোগ উঠেছে।
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। এতে মোছাঃ রাশিদা নামে এক নারী আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত অনু খন্দকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আহত রাশিদা শান্তিডাঙ্গা গ্রামের আলিমের স্ত্রী। অভিযোগ অনুযায়ী, একই গ্রামের লিটন খন্দকারের ছেলে অনু খন্দকার নাগরদোলায় ওঠাকে কেন্দ্র করে রাশিদাকে মারধর করেন।
এবারের দুর্গাপূজায় ঝুঁকিপূর্ণ নাগরদোলা চালানো যাবে না বলে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘোষণা দিয়েছিলেন বলে জানা গেছে। কিন্তু সেই ঘোষণার পরও হরিনারায়ণপুর কাঁচারি মাঠে নাগরদোলা চলার ঘটনা সামনে এসেছে। নাগরদোলায় ওঠাকে কেন্দ্র করে মারামারি ও নারী আহত হওয়ার ঘটনায় এখন প্রশ্ন উঠেছে—ঝুঁকিপূর্ণ নাগরদোলা বন্ধ রাখার ঘোষণা দেওয়া হলেও মাঠে তা চালু থাকল কীভাবে?
এবিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার অফিসার ইনচার্জ মোঃ মামুনুর রশীদ বলেন, ওই মহিলাকে আমরা খুজছি ওই মহিলা আসলে আমরা বিস্তারিত জানতে পারবো।
তবে এই বিষয়ে মিরপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার মাহমুদুল হক মজুমদার বলেন, এটা একটা ইভিটিজিং এর ঘটনা ছিল নাগরদোলা ওঠা নিয়ে নয়, নাগরদোলার অনুমতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন এটা হিন্দু সম্প্রদায়ের অনেকে আবেদনের প্রেক্ষিতে অনুমতি হয়েছে।









