খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ৭ই আগস্ট ২০২৬, ১:৫৯ এএম

বিশেষ প্রতিনিধি ॥ ভিশন কুষ্টিয়া’র সার্বিক সহযোগিতায় ক্ষুদ্র কুটির শিল্প ও ফাস্টফুড মেলার উদ্বোধন করা হয়েছে। নারী উদ্যোক্তা উন্নয়ন ও অধিকার ফোরাম” এর আয়োজনে গতকাল বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে পাবলিক লাইব্রেরি চত্বরে এ অনুষ্ঠান উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।
বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও দি কুষ্টিয়া চেম্বারের পরিচালক আক্তারুজ্জামান কাজল মাজমাদার, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মিরাজুল ইসলাম রিন্টু, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মেজবাউর রহমান পিন্টু, জেলা পেশাজীবি পরিষদের সাধারণ সম্পাদক নিলুফা আক্তার প্রমূখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভিশন কুষ্টিয়া সংগঠনের সভাপতি খন্দকার আব্দুল মজিদ।
মেলার প্রবেশদ্বার, ফিতা কেটে উদ্বোধন, বিভিন্ন স্টল পরিদর্শন, নারী উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন করেন অতিথিরা। মেলায় ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যায়। আয়োজকরা জানান, নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক ক্ষমতায়ন এবং দেশীয় পণ্যের প্রসারের লক্ষ্যে “নারী উদ্যোক্তা উন্নয়ন ও অধিকার ফোরাম”-এর আয়োজনে এবং “ভিশন কুষ্টিয়া”-এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এ মেলার উদ্বোধন করা হয়েছে। মেলায় স্থানীয় নারী উদ্যোক্তাদের তৈরি হস্তশিল্প, পোশাক, গৃহস্থালি সামগ্রী, খাদ্যপণ্য এবং বিভিন্ন ধরনের ফাস্টফুডের স্টল স্থান পেয়েছে। উদ্বোধনের পর অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
এসময় প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশ এবং নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে নতুন উদ্যোক্তা তৈরিতেও এ ধরনের মেলা উৎসাহ জোগায়। এছাড়া আক্তারুজ্জামান কাজল মাজমাদার বলেন, নারী উদ্যোক্তাদের দক্ষতা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব।
এ ধরনের মেলা নারী উদ্যোক্তাদের পণ্য পরিচিতি বৃদ্ধি এবং ক্রেতাদের সঙ্গে সরাসরি সংযোগ তৈরির সুযোগ সৃষ্টি করে। এদিকে মেলাকে ঘিরে নারী উদ্যোক্তাদের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। দর্শনার্থীরাও দেশীয় পণ্যের বৈচিত্র্য দেখে সন্তোষ প্রকাশ করেন। ভিশন কুষ্টিয়ার সভাপতি খন্দকার আব্দুল মজিদ বলেন, নারী উদ্যোক্তাদের আরও এগিয়ে নিতে এবং তাদের উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য