দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি একনলা পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর বিওপির দায়িত্বপূর্ণ মদনের ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। বিজিবি সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মদনের ঘাট এলাকায় অভিযান চালায় বিজিবির একটি দল। এ সময় পরিত্যক্ত অবস্থায় একটি একনলা দেশীয় পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তবে অভিযানের সময় অস্ত্র ও গুলির কোনো মালিককে পাওয়া যায়নি। উদ্ধার করা অস্ত্র ও গুলি দৌলতপুর থানায় হস্তান্তর করে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এদিকে সীমান্ত এলাকায় পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধারের ঘটনায় স্থানীয় সচেতন মহলের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, সীমান্তপথে অবৈধ অস্ত্র ও মাদক পাচারের আশঙ্কা থাকলেও চোরাচালানের সঙ্গে জড়িতদের অনেকেই ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। ফলে বিচ্ছিন্নভাবে অস্ত্র ও মাদক উদ্ধারের পাশাপাশি চোরাচালান চক্রের বিরুদ্ধে আরও কার্যকর নজরদারি ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্রের চোরাচালান ও অনুপ্রবেশ প্রতিরোধ, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং সীমান্তবর্তী জনগণের নিরাপত্তা বজায় রাখতে কুষ্টিয়া ব্যাটালিয়ন নিয়মিত গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। তিনি বলেন, সীমান্তে অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ও কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।









