দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের বিশেষ অভিযানে নাশকতা, হত্যা ও বিভিন্ন অপরাধে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগের দুই নেতা এবং পিতা হত্যা মামলার আসামি সহ ১০ জনকে আটক করেছে থানা পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
মঙ্গলবার দুপুর ২ টার দিকে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খালেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক ব্যক্তিরা হলেন, নিষিদ্ধ ঘোষিত দৌলতপুর উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফিলিপনগর এলাকার মোখলেসুর রহমান ওয়াসীম কবিরাজ (৪০), প্রাগপুর ইউনিয়ন যুবলীগের সদস্য খন্দকার সেলিম রেজা (৪৫), পাকুড়িয়া এলাকার পিতা হত্যা মামলার আসামি বাবু (৩৫), মানিকদিয়া এলাকার রবিউল ইসলাম (৩০), বৈরাগীর চর এলাকার রতন আলী (৩৫), মুন্সিগঞ্জ এলাকার আজম মন্ডল (৪০), জামালপুর এলাকার শফি মন্ডল (৪৫), ময়রামপুর এলাকার মনিরুল ইসলাম (৪০), লক্ষ্মীখোলা এলাকার রুহুল হোসেন (২১) এবং গরুড়া এলাকার মোহন আলী (২২)।
পুলিশ জানায়, আটক যুবলীগ নেতা অসীম কবিরাজ ও খন্দকার সেলিম রেজাকে তাঁদের নিজ নিজ বাড়ি থেকে নাশকতা মামলায় আটক করা হয়েছে। অন্যদিকে ছেলে টর্চ লাইট এর আঘাতে পিতা বানেজ উদ্দিন হত্যা মামলায় ছেলে বাবুকে আটক করা হয়, অন্যদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, থানা পুলিশের বিশেষ অভিযানে নাশকতা, হত্যা ও বিভিন্ন মামলায় মোট ১০ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ২টার দিকে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।









