তোমরা এমন প্রযুক্তির স্বপ্ন দেখবে যা পরিবেশের ক্ষতি করবে না: ডিসি তৌহিদ বিন-হাসান - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

তোমরা এমন প্রযুক্তির স্বপ্ন দেখবে যা পরিবেশের ক্ষতি করবে না: ডিসি তৌহিদ বিন-হাসান

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ২৬, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিপাদ্যকে সামনে রেখে, ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এবং ১০ম জাতীয় বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা-২০২৬ সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২৫ এপ্রিল) বিকেল ৪টার দিকে সদর উপজেলা পরিষদের  অডিটোরিয়ামে জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করেন।

সমাপনী দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) মিজানুর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সরকার শাখা কুষ্টিয়ার উপ পরিচালক উপসচিব আহমেদ মাহবুব-উল ইসলাম, কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী অফিসার হারুন অর রশিদ, জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ, জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আবু তৈয়ব মোঃ ইউনুছ আলী প্রমূখ।

এসময় জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বিজ্ঞানভিত্তিক শিক্ষা ও চর্চা একটি জ্ঞানসমৃদ্ধ জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হয়ে উঠতে এবং প্রযুক্তির ইতিবাচক ব্যবহার নিশ্চিত করতে আহ্বান জানান। বিজ্ঞানের অগ্রযাত্রায় শামিল হয়ে উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে তরুন প্রজন্মকে ভূমিকা রাখতে হবে। তোমাদের মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে।

আগামী দিনে তোমরাই দেশকে উন্নত অগ্রযাত্রায় এগিয়ে নিতে পারবে। তোমরাই আগামী দিনের বাংলাদেশ গড়ার কারিগর, তাই তোমাদেরকে সঠিক পথে এগিয়ে যেতে হবে। উদ্ভাবন তখনই সার্থক হয়, যখন তা মানুষের কল্যাণে আসে। তোমরা এমন প্রযুক্তির স্বপ্ন দেখো যা পরিবেশের ক্ষতি করবে না, বরং পৃথিবীকে আরো নিরাপদ ও বাসযোগ্য করে তুলবে। এছাড়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, প্রযুক্তি একটি শক্তিশালী হাতিয়ার। বর্তমান যুগ প্রতিযোগিতার যুগ।

এই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে বিজ্ঞানভিত্তিক জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক ও সৃজনশীল করে গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশের ভবিষ্যৎ নেতৃত্ব আজকের শিক্ষার্থীদের হাতেই উল্লেখ করে তিনি তাদেরকে নৈতিক মূল্যবোধ, দেশপ্রেম ও আধুনিক জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। তিনি আরো বলেন, শিক্ষার মানোন্নয়ন এবং বিজ্ঞান চর্চা বিস্তারে সরকারসহ সকল মহলকে আন্তরিকভাবে কাজ করতে হবে। আজকের শিক্ষার্থী আগামী দিনের ভবিষ্যৎ।

উল্লেখ্য, বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ অনুষ্ঠানের বাস্তবায়নে, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। পৃষ্ঠপোষকতায়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। এর আগে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, অলিম্পিয়াড এবং কুইজ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠানে প্রতিযোগীতায় অংশ নেওয়া বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেওয়া হয়। এ অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।