বিশেষ প্রতিনিধি ॥ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রাজনৈতিক মাঠে সংগঠনকে গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে বড় পদক্ষেপ নিয়েছে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)। জেলাজুড়ে সাংগঠনিক কাজ বেগবান করতে অনুমোদন দেওয়া হয়েছে ২৩ সদস্যের নতুন কুষ্টিয়া জেলা আহ্বায়ক কমিটি। রাজধানীর মহাখালীর রাফা কনভেনশন হলে গতকাল সোমবার (৩ আগস্ট) সকাল ১১ টায় আহ্বায়ক কমিটির অনুমোদন সভায় দলটির ভারপ্রাপ্ত মহাসচিব ব্যারিস্টার শাহেদুল আজমের সই করা এক বিজ্ঞপ্তিতে স্পষ্ট নির্দেশ দেওয়া হয় আগামী তিন মাসের (৯০ দিন) মধ্যে জেলার প্রতিটি থানা ও উপজেলায় কমিটি গঠন সম্পন্ন করে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি উপহার দিতে হবে।
এসময় সভাপতির বক্তব্যে এনডিএম-এর ভারপ্রাপ্ত মহাসচিব ব্যারিস্টার শাহেদুল আজম বলেন, আমরা আমাদের নেতা শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের নির্দেশনায় দেশজুড়ে এনডিএম-এর তৃণমূল পুনর্গঠনের কাজ জোরদার করা হচ্ছে। আমরা বিশ্বাস করি সাধারণ মানুষের আস্থা অর্জন করতে হলে তৃণমূলের ভিত শক্ত করা জরুরি। নবগঠিত এই আহ্বায়ক কমিটিকে আগামী ৯০ দিনের সময় দেওয়া হলো, যেন তারা জেলার প্রতিটি থানা ও উপজেলায় প্রবীণ ও তরুণদের সমন্বয়ে একটি সুসংগঠিত দল তৈরি করতে পারেন। নতুন নেতৃত্বের ভার তুলে দেওয়া হয়েছে কুষ্টিয়ার অভিজ্ঞদের কাঁধে। কাজী মিজানুর রহমান (লিটন)-কে করা হয়েছে আহ্বায়ক এবং মোমিন চৌধুরী ডাবু পেয়েছেন সদস্য সচিবের দায়িত্ব। দায়িত্ব পাওয়ার পর নবগঠিত কমিটির আহ্বায়ক কাজী মিজানুর রহমান (লিটন) বলেন, দল আমার ওপর যে দায়িত্ব অর্পণ করেছে, তা সততা ও নিষ্ঠার সাথে পালন করব। কুষ্টিয়ার প্রতিটি প্রান্তে এনডিএম-কে আরও শক্তিশালী করতে আমরা অবিলম্বে মাঠে নামব এবং নির্দেশিত সময়ের মধ্যেই সম্মেলন সম্পন্ন করব।
একই প্রত্যয় ব্যক্ত করে সদস্য সচিব মোমিন চৌধুরী ডাবু বলেন, কুষ্টিয়াকে এনডিএম-এর একটি শক্তিশালী দুর্গে পরিণত করাই আমাদের মূল লক্ষ্য। দলের প্রতিটি ত্যাগী ও সক্রিয় কর্মীকে সাথে নিয়ে আমরা তৃণমূলের নতুন নেতৃত্ব গড়ে তুলব। কমিটির অন্যান্য পদে রয়েছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে মো: লিটন চৌধুরী সাহেব ও মো: হারুন উর রশিদ। যুগ্ম আহ্বায়ক মো: শরিফুল ইসলাম, মো: কামাল হোসেন, কাজী সাব্বির আহমেদ ও সৈয়দ আব্দুল গফফার এবং যুগ্ম সদস্য সচিব আব্রাহাম লিংকন খান। এতে নির্বাহী সদস্য করা হয়েছে সৈয়দ জাহাঙ্গীর আলম ও মো: মোমিনুল ইসলামকে। এছাড়া এম. এস. নাজমুল হোসাইন, মো: মিলন শেখ, রফিকুল ইসলাম (আরকান), মোছা: হামিদা খাতুনসহ মোট ১২ জনকে সদস্য হিসেবে রাখা হয়েছে। দলীয় সূত্রে জানা যায়, এই আহ্বায়ক কমিটি গঠন কেবল সূচনা মাত্র।
জেলা ও স্থানীয় পর্যায়ে তরুণ ও সক্রিয় কর্মীদের যুক্ত করে শিগগিরই পুরো কুষ্টিয়ায় সাংগঠনিক ভিত্তি মজবুত করার পরিকল্পনা রয়েছে এনডিএম-এর। উক্ত সভায় বিশেষ অতিথির বক্তব্যে এনডিএম-এর সহ-সভাপতি ফারুক উজ্জামান বলেন, গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করতে সারাদেশে দলের প্রতিটি জেলা কমিটিকে ঢেলে সাজানো হচ্ছে। কুষ্টিয়া জেলা কমিটি সেই ধারাবাহিকতায় এক নতুন মাত্রা যোগ করবে। এনডিএম-এর সিনিয়র যুগ্ম মহাসচিব সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, আমাদের মূল শক্তি জনগণ। তৃণমূলের নেতাকর্মীরা মাঠপর্যায়ে সক্রিয় হলে যেকোনো রাজনৈতিক লক্ষ্য অর্জিত হতে বাধ্য।
এছাড়া সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি তুষার নবগঠিত কমিটিকে দ্রুত সাংগঠনিক গতি বৃদ্ধির পরামর্শ দেন। এসময় আরো বক্তব্য রাখেন দলটির দপ্তর সম্পাদক সকিব আহাম্মেদ।সভায় চট্টগ্রাম, খুলনা, ভোলা, চুয়াডাঙ্গা, চাঁপাইনবাবগঞ্জসহ বিভিন্ন জেলার সদ্য গঠিত আহ্বায়ক কমিটির নেতা-কর্মীবৃন্দ উপস্থিত থেকে এনডিএম-এর নতুন রাজনৈতিক যাত্রায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।









